Sylhet Today 24 PRINT

বানিয়াচংয়ে নৌকার ব্যানার-পোস্টারে আগুন

বানিয়াচং প্রতিনিধি  |  ২৩ ডিসেম্বর, ২০১৮

হবিগঞ্জ-২ আসনের বানিয়াচংয়ে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এডভোকেট আব্দুল মজিদ খানের নির্বাচনী ব্যানার ও পোস্টার ছিঁড়ে তাতে আগুন লাগিয়ে দিয়েছে দুর্বৃত্তরা।

শনিবার (২২ ডিসেম্বর) রাতের কোনো এক সময় উপজেলার ১২নং সুজাতপুর ইউনিয়নের ইকরাম গ্রামে এ ঘটনা ঘটে। তবে কে বা কারা এই আগুনের ঘটনা ঘটিয়েছে দলের নেতাকর্মীরা তা স্পষ্ট করে জানাতে পারেননি।

এই বিষয়ে উক্ত ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কদ্দুছ শামীম জানান, কারা আগুন লাগিয়েছে তা সহজেই বুঝা যায়। সরকারি দলের নেতারা তো আর এই কাজ করেননা। এদিকে এ ঘটনায় আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে এক ধরণের উত্তেজনা বিরাজ করছে।

সুজাতপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আলআমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, বিশৃঙ্খলা এড়াতে এলাকায় পুলিশী টহল জোরদার করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.