জাহাঙ্গীর আলম খায়ের, বিশ্বনাথ | ২৪ ডিসেম্বর, ২০১৮
সিলেটের বিশ্বনাথ ও ওসমানীনগর উপজেলার ১৬টি ইউনিয়ন নিয়ে গঠিত সিলেট-২ আসনে এবারের নির্বাচনে প্রার্থী হয়েছেন ১০ জন। এরমধ্যে অন্তত ৩ জন প্রার্থীকে এখন পর্যন্ত কোন মাইকিং, গণসংযোগ কিংবা লিফলেট বিতরণ করতে দেখা যায়নি। আরও তিন প্রার্থীও প্রচারণায় ততটা সরব নন।
আসছে ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের প্রচার প্রচারণার ইতি টানতে হবে ২৮ ডিসেম্বর। মাত্র ৫ দিন সময় থাকলেও প্রচারণায় ভোটের মাঠে নেই ঐক্যফ্রন্টের প্রার্থী গণফোরামের প্রেসিডিয়াম সদস্য মোকাব্বির খান। প্রতীক বরাদ্দের পর থেকে এ পর্যন্ত তিনি কোথাও প্রচারণা, গণসংযোগ কিংবা পোস্টার টানাননি। প্রচার প্রচারণা বাদ দিয়ে প্রতীক বরাদ্দের পর তিনি যুক্তরাজ্যে পাড়ি জমান।
একইভাবে ভোটে থাকলেও মাঠে প্রচারণায় নেই বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট’র টেলিভিশন মার্কার প্রার্থী মোশাহিদ খান ও ন্যাশনাল পিপলস পার্টির আম মার্কার মনোয়ার হোসাইন। অন্যদিকে প্রচারণায় থাকলেও গত মঙ্গলবার থেকে ভোটের মাঠ থেকে সরে দাঁড়াতে হয়েছে ধানের শীষের প্রার্থী তাহসিনা রুশদীর লুনাকেও। ফলে এই আসনের প্রার্থীদের মধ্যে মোকাব্বির খান, মোশাহিদ খান, মনোয়ার হোসাইন এই ৩ প্রার্থী ভোটে থাকলেও মাঠে প্রচারণায় নেই।
এপ্রসঙ্গে জানতে চেষ্টা করা হলেও মোশাহিদ খান ও মনোয়ার হোসাইন এ দুই প্রার্থীর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। আর মোকাব্বির খান বলেছেন, মাত্র ১০ মিনিট সময়ের জন্য তিনি তার প্রার্থিতা প্রত্যাহার করতে পারেননি। গত বৃহস্পতিবার সকালের ফ্লাইটে দেশে ফিরেছেন জানিয়ে তিনি এ প্রতিবেদককে বলেন, তাহসিনা রুশদীর লুনাকে সমর্থন জানিয়ে তিনি যুক্তরাজ্যে গিয়েছিলেন, সেজন্য প্রচারণা চালাননি। তবে, আজ ঐক্যফ্রন্টের ২৩ দলীয় জোটের প্রার্থী হিসেবে বিশ্বনাথ ও ওসমানীনগরে জনসভার মধ্যদিয়ে আনুষ্ঠানিকভাবে প্রচারণা চালাবেন বলেও জানান তিনি।
জানা গেছে, সিলেট-২ আসনের সর্বত্র জোরালোভাবে প্রচারণা চালাচ্ছেন ডাব প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষ ও বিশ্বনাথের সাবেক উপজেলা চেয়ারম্যান মুহিবুর রহমান। আওয়ামী লীগ ঘরনার আরেক স্বতন্ত্র প্রার্থী সিংহ প্রতীকের ডক্টর এনামুল হক সরদার, খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব দেওয়াল ঘড়ি প্রতীকের প্রার্থী মুনতাছির আলী। ওই তিনজনের তুলনায় প্রচারণায় পিছিয়ে রয়েছেন মহাজোট মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব বর্তমান এমপি ইয়াহইয়া চৌধুরী এহিয়া, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী মাওলানা আমির উদ্দিন ও বিএনপির বিদ্রোহী মোটরগাড়ি (কার) প্রতীকের স্বতন্ত্র প্রার্থী প্রবাসী আব্দুর রব মল্লিক।
দেওকলস ইউনিয়নের সৈয়দপুর সদুর গাঁওয়ের ভোটার রুয়েল আহমদ মিঠু, বিশ্বনাথ বাজারের রিপন হেয়ার স্টাইলিংয়ের পরিচালক রিপন বৈদ্য সচিন, বিশ্বনাথের পূর্ব জানাইয়ার বাসিন্দা নজরুল ইসলাম, কাউপুরের জুয়েল আহমদ বলেন, তারা সৎ ও যোগ্য প্রার্থীকেই এবার ভোট দেবেন। তবে মোকাব্বির খান, মোশাহিদ খান, আর মনোয়ার হোসাইন এই প্রার্থীদের মার্কা কী তা জানাতো দূরের কথা তাদের নামটাই কেবলমাত্র তারা শুনেছেন।
এপ্রসঙ্গে খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব দেওয়াল ঘড়ি প্রতীকের প্রার্থী মুনতাছির আলী বলেছেন, তিনি ঐক্যফ্রন্টের বিদ্রোহী প্রার্থী নন। জোট হলেও দলীয় সিদ্ধান্তেই তিনি প্রার্থী হয়েছেন এবং মাঠে লড়ছেন।