Sylhet Today 24 PRINT

গোলাপগঞ্জে ফয়সলের প্রচারণায় ‘নিখোঁজ’ দিনারের বোন

গোলাপগঞ্জ প্রতিনিধি |  ২৪ ডিসেম্বর, ২০১৮

সিলেট-৬ আসনের ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থী ও বিএনপি নেতা ফয়সল আহমদ চৌধুরীকে ধানের শীষে ভোট দিতে আহ্বান জানিয়েছেন নিখোঁজ হওয়া সিলেট জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক ইফতেখার আহমদ দিনারের ছোট বোন সিলেট জেলা মহিলা দলের সহ সভাপতি তাহসিনা শারমীন তামান্না। তিনি রোববার (২৩ডিসেম্বর) সন্ধ্যায় গোলাপগঞ্জ উপজেলার বুধবারীবাজার ইউনিয়িনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী ফয়সল চৌধুরীর নির্বাচনী পথসভায় বিশেষ অতিথির বক্তব্যে এ আহ্বান জানান।

তাহসিনা শারমীন তামান্না আবেগাপ্লুত কন্ঠে বলেন, আমার ভাই গুম হওয়া ছাত্রনেতা দিনার গোলাপগঞ্জবাসীর কারো ভাই, কারো ভাতিজা ছিল। আজ তার এখানে থাকার কথা ছিল। কিন্তু আজ আমি মেয়ে হয়েও আমার ভাইকে খুঁজে পাওয়ার আন্দোলনে শামিল হয়েছি। ঘর থেকে বের হয়ে রাস্তায় নেমে এসেছি। এ আওয়ামীলীগ সরকারের আমলে আমার মত অনেক বোন তাদের ভাইকে হারিয়েছে। অনেক মা তাদের সন্তানকে হারিয়েছে। আসন্ন নির্বাচন আপনাদের সন্তান দিনারকে ফিরে পাওয়ার নির্বাচন। এ নির্বাচন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করার নির্বাচন। এই ভাই হারা বোন আকুতি করে বলছে, আপনারা কুশিয়ারা পারের মানুষ যদি আপনাদের দিনারকে ফিরে পেতে চান, তাহলে আগামী ৩০ডিসেম্বর ধানের শীষে ভোট দিয়ে ফয়সল আহমদ চৌধুরীর বিজয় নিশ্চিত করবেন।

ফয়সল আহমদ চৌধুরী রোববার সকাল ১১টা থেকে শুরু করে দিনব্যাপী গোলাপগঞ্জ উপজেলার বুধবারী বাজার ইউনিয়নের কালিজুরী বাজার, উত্তর বাদেপাশা ইউনিয়নের শান্তির বাজার, ডেপুটি বাজার, রাকুয়ার বাজার, বাগলা শাহী ঈদগাহ বাজার, আছিরগঞ্জ বাজারসহ বুধবারী বাজার ইউনিয়নের বিভিন্ন স্থানে পৃথক পৃথক জায়গায় গণসংযোগ ও পথসভায় বক্তব্য রাখেন তিনি। এসব গণসংযোগ এবং পথসভায় বিএনপি, জাতীয় ঐক্যফ্রন্টের নেতৃবৃন্দ স্বত:স্ফূর্তভাবে অংশ গ্রহণ করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.