Sylhet Today 24 PRINT

নির্বাচনের দিন ২৪ ঘন্টা যান চলাচল বন্ধ

সিলেটটুডে ডেস্ক |  ২৪ ডিসেম্বর, ২০১৮

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন আগামী ৩০ ডিসেম্বর ভোট গ্রহণ শুরুর আগে মধ্যরাত ১২টা থেকে থেকে পরবর্তী ২৪ ঘণ্টা সারাদেশে প্রায় সব ধরনের যান চলাচল বন্ধ থাকবে। আর মোটর সাইকেল নিষিদ্ধ থাকবে চারদিন।

রোববার (২৪ ডিসেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে সহকারী সচিব মো. লিয়াকত আলী স্বাক্ষরিত সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের এক প্রজ্ঞাপনে ভোটগ্রহণের সময়ে গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

এতে বলা হয়েছে, ২৯ ডিসেম্বর (শনিবার) দিবাগত মধ্যরাত ১২টা থেকে ৩০ ডিসেম্বর (রোববার) দিবাগত মধ্যরাত পর্যন্ত  সড়কপথে ১০ ধরনের যান চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করতে হবে।

এগুলো হল- বেবি ট্যাক্সি/অটোরিকশা/ইজি বাইক, ট্যাক্সি ক্যাব, মাইক্রোবাস, জিপ, পিকআপ, কার, বাস, ট্রাক, টেম্পো, ইজিবাইক ও স্থানীয় পর্যায়ে বিভিন্ন যন্ত্রচালিত যানবাহন।

২৮ ডিসেম্বর (শুক্রবার) দিবাগত রাত ১২টা থেকে ১ জানুয়ারি (মঙ্গলবার) মধ্য রাত পর্যন্ত মোটর সাইকেলের উপর নিষেধাজ্ঞার আরোপের কথা প্রজ্ঞাপনে বলা হয়েছে।

এ নিষেধাজ্ঞা রিটার্নিং কর্মকর্তার অনুমতি সাপেক্ষে নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী বা তাদের নির্বাচনী এজেন্ট, দেশি বা বিদেশি পর্যবেক্ষকদের ক্ষেত্রে শিথিল থাকবে।

তাছাড়া নির্বাচনের সংবাদ সংগ্রহের কাজে নিয়োজিত দেশি/বিদেশি সাংবাদিক, নির্বাচনী কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য, জরুরি কাজে ব্যবহৃত যানবাহন-যেমন: অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস ও টেলিযোগাযোগ ইত্যাদি কার্যক্রমে ব্যবহৃত যান চলাচলের ক্ষেত্রে নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না বলে সড়ক বিভাগ জানিয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.