ছাতক প্রতিনিধি | ২৪ ডিসেম্বর, ২০১৮
দীর্ঘ তিন যুগের মান-অভিমান ও ভেদাভেদ ভুলে গিয়ে নৌকার বিজয় নিশ্চিত করতে ছাতকের এমপি মুহিবুর রহমান মানিক ও পৌর মেয়র আবুল কালাম চৌধুরী ঐক্যের বাঁধনে আবদ্ধ হয়েছেন। আওয়ামী লীগের বিবাদমান দুই গ্রুপের দুই নেতা একই মঞ্চে দাঁড়িয়ে নৌকার বিজয় নিশ্চিত করার শপথ নিয়েছেন।
রোববার (২৩ ডিসেম্বর) পৌর ভবনে পূর্ব পরিকল্পনা অনুযায়ী উপস্থিত হন সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক।
এর আগেই পৌর মেয়র আবুল কালাম চৌধুরীসহ সকল ওয়ার্ড কাউন্সিলর, মহিলা কাউন্সিলর, পৌর কর্মকর্তা-কর্মচারীরা পৌর কার্যালয়ে উপস্থিত ছিলেন।
এমপি মানিক পৌর কার্যালয়ে পৌছলে তাকে স্বাগত জানান অপেক্ষমান মেয়রসহ কাউন্সিলররা। এ সময় এক অভুতপূর্ন মিলন মেলায় পরিণত হয় পৌর কার্যালয়। পরে এমপিকে সাথে নিয়ে মেয়রের কক্ষসহ নবনির্মিত পৌর ভবনের বিভিন্ন কক্ষ ঘুরে-ঘুরে দেখান মেয়র।
পৌরসভার অত্যাধুনিক সম্মেলন কক্ষে পৌর মেয়র আবুল কালাম চৌধুরীর সভাপতিত্বে প্যানেল মেয়র তাপস চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত নির্বাচনী মতবিনিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মুহিবুর রহমান মানিক এমপি বলেন, ছাতক-দোয়ারায় ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে পরাজিত করা সম্ভব নয়। উন্নয়নের প্রতীক নৌকার বিজয় সুনিশ্চিত। আগামী ৩০ ডিসেম্বর নৌকা বিজয়ে দেশজুড়ে উল্লাসে মেতে উঠবে বাঙালি জাতি।
তিনি বলেন, ছাতক পৌরসভার জন্য কিছু করার এবার সুযোগ এসেছে। পৌর মেয়রের সাথে আলোচনা সাপেক্ষে পৌরসভার সৌন্দর্যবর্ধনে সম্ভাব্য সকল উন্নয়নমূলক পদক্ষেপ নেয়া হবে বলে তিনি আশ্বস্থ করেন।
সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক সৈয়দ আহমদ, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, ইউপি চেয়ারম্যান বিল্লাল আহমদ, আওয়ামী লীগ নেতা আফজাল হোসেন, শাহীন চৌধুরী, এডভোকেট আশিক আলী, পৌর কাউন্সিলর আখলাকুল আম্বিয়া সোহাগ, লিয়াতক আলী, দেলোয়ার হোসেন, সুদীপ দে, ধন মিয়া, নওশাদ মিয়া, আছাব মিয়া, মহিলা কাউন্সিলর মিলন রানী দাস, সামছুন্নাহার, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি বাবুল রায় প্রমুখ।
এ সময় প্রবাসী সুজন মিয়া, আওয়ামী লীগ নেতা কল্যানব্রত দাস, যুবলীগ নেতা পংকজ চৌধুরী, লায়েক মিয়া, মিনহাজুর রহমান তাপস, পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক সাদমান মাহমুদ সানি, ছাত্রলীগ নেতা ইশতিয়াক রহমান তানভির, গিয়াস উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
এদিকে এমপি মানিকের মতবিনিময় শেষে পৌর মেয়র আবুল কালাম চৌধুরী নেতাকর্মীদের সাথে নিয়ে নৌকার প্রচার-প্রচারনায় নেমে পড়েছেন। তিনি পৌরসভার ১, ২ ও ৩নং ওয়ার্ডে গণসংযোগ ও উঠান বৈঠক করে নৌকার পক্ষে ভোট প্রার্থনা করেন।
এমপি মানিক ও মেয়র কালামের ঐক্য নির্বাচনী ফলাফলে নৌকাকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে গেল বলে মনে করছেন বিশিষ্টজনেরা।