সিলেটটুডে ডেস্ক | ২৪ ডিসেম্বর, ২০১৮
ঢাকা-৮ আসনে বিএনপি প্রার্থী মির্জা আব্বাসের দুই কর্মী ভোটারদের কাছে টাকা ছড়ানোর অভিযোগে গ্রেপ্তার হয়েছেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শহীদুল ইসলাম ও মুহিত। নগদ চার লাখ টাকাসহ সোমবার সকালে তাদের রাজারবাগ এলাকা থেকে আটক করা হয় বলে গোয়েন্দা পুলিশ জানিয়েছে।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের মতিঝিল জোনাল টিমের এডিসি আতিকুল ইসলাম বলেন, “মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে টাকা লেনদেনের তথ্য জেনে ওঁৎ পেতে থাকা ডিবি সদস্যরা সকালে তাদের আটক করে। তারা রাজারবাগ এলাকায় বারাকাহ মেডিকেল কলেজের সামনে টাকা বিতরণ করছিল।”
তিনি বলেন, “প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নিজেদের ঢাকা-৮ আসনে বিএনপি ও ঐক্যফ্রন্টের প্রার্থী মির্জা আব্বাসের কর্মী বলে স্বীকার করেছেন।
“তারা স্বীকার করেছেন বিএনপি নেতা মির্জা আব্বাসের ছোট ভাই মির্জা খোকন মালয়েশিয়া থেকে তাদের এই টাকা পাঠিয়েছেন।”
ঢাকার সাবেক মেয়র মির্জা আব্বাসের ভাই খোকন এক সময় অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের কাউন্সিলর ছিলেন।
ঢাকা-৮ আসনে মির্জা আব্বাস নৌকার প্রার্থী ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। তার স্ত্রী আফরোজা আব্বাসও পাশের আসনে ধানের শীষ প্রতীকে প্রার্থী।