হবিগঞ্জ প্রতিনিধি | ২৫ ডিসেম্বর, ২০১৮
হবিগঞ্জ-১ আসনে ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থী ড. রেজা কিবরিয়া বলছেন, বাবার স্বপ্ন পূরণ করতে যদি আপনারা একটা সুযোগ দেন, তাহলে ৫ বছর যে উন্নয়ন করবো আগামী ৫০ বৎসর আপনাদের উন্নয়ন নিয়ে চিন্তা করতে হবে না।
রেজা বলেন, খালেদা জিয়া পায়ে হেঁটে জেল হাজতে ঢুকেছিলেন এখন আর উনি হাঁটতে পারেন না। তিনি অপেক্ষা করছেন সরকার বদলের সাথে সাথে তিনি মুক্তি পাবেন। বেগম খালেদা জিয়ার মুক্তির স্বার্থে ধানের শীষে ভোট দেয়ার আহবান জানান রেজা। সোমবার বিকেল থেকে রাত পর্যন্ত নবীগঞ্জ উপজেলার বিভিন্নস্থানে পথসভায় বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন।
সোমবার দুপুরে ঢাকা থেকে নিজ বাড়িতে ফেরেন ড. রেজা কিবরিয়া । পরে নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের বাশডর গ্রামের বাউসা-দেবপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে পথসভায় বক্তব্য রাখেন ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থী ড. রেজা কিবরিয়া। পরে সন্ধ্যায় চৌধুরী বাজার, ভূমিন বাজার, বাউসা বাজার, বাউসা পয়েন্ট, রাত ৯টায় রসুলগঞ্জ বাজার, মিলনগঞ্জ বাজার, রাত ১০ টায় ইমামবাড়ি বাজার পথসভায় বক্তব্য রাখেন। এসময় বিএনপি ছাত্রদল, যুবদল স্বেচ্ছাসেবকদলসহ অঙ্গ ও সহযোগী অসংখ্য সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।