Sylhet Today 24 PRINT

সীতাকুণ্ডে নৌকার প্রার্থীর প্রচারে পেট্রোল বোমা হামলায় দগ্ধ ৩

সিলেটটুডে ডেস্ক |  ২৫ ডিসেম্বর, ২০১৮

চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ডে) আসনে নৌকার প্রার্থীর নির্বাচনী মিছিলকে লক্ষ্য করে ছোড়া পেট্রোল বোমায় অন্তত তিনজন দগ্ধ হয়েছেন।

মঙ্গলবার (২৫ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে সীতাকুণ্ড উপজেলার মাদাম বিরিহাটে চট্টগ্রাম-৪ আসনে আওয়ামী লীগের প্রার্থী দিদারুল আলমের প্রচারের মধ্যে হামলার এই ঘটনা ঘটে।

মেডিকেল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার বলেন, সীতাকুণ্ডের ঘটনায় আহত চারজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে তিনজন দগ্ধ। অন্যজন শরীরে আঘাত পেয়েছেন।

এ আসনের বর্তমান সাংসদ দিদার জানান, দুপুরে যখন সমর্থকদের নিয়ে প্রচার চালাচ্ছিলাম, তখনই আমার কর্মীদের ওপর হামলা করে পেট্রোল বোমা ছোড়া হয়। আমার বিপক্ষের প্রার্থীর লোকজন এ হামলা চালিয়েছে। আমার কর্মীদের মধ্যে অন্তত ১০ জন আহত হয়েছে।

সীতাকুণ্ডের আসনে আওয়ামী লীগের প্রার্থীর প্রতিদ্বন্দ্বী বিএনপির উত্তর জেলা কমিটির আহ্বায়ক আসলাম চৌধুরীর বড় ভাই ইসহাক কাদের চৌধুরী।

এ বিষয়ে স্থানীয় পুলিশ কর্মকর্তাদের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.