সিলেটটুডে ডেস্ক | ২৫ ডিসেম্বর, ২০১৮
ফাইল ছবি
প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার সভা বর্জন করার পর জরুরি বৈঠক ডেকেছে জাতীয় ঐক্যফ্রন্ট।
মঙ্গলবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে।
জাতীয় ঐক্যফ্রন্টের প্রচার ও মিডিয়া সেলের কর্মকর্তা মেহেদী মাসুদ বলেন, স্টিয়ারিং কমিটির বৈঠকে নির্বাচন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও করণীয় ঠিক করা হবে।
প্রসঙ্গত, আজ দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেনের নেতৃত্বে ১০ জন নেতা নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে করতে যান। বৈঠকের একপর্যায়ে ঐক্যফ্রন্ট নেতারা সভা ত্যাগ করে উঠে যান। ঐক্যফ্রন্টের নেতারা বিভিন্ন অভিযোগ জানাতে নির্বাচন কমিশনে গিয়েছিলেন।
ঐক্যফ্রন্ট নেতারা অভিযোগ করে বলেন, প্রধান নির্বাচন কমিশনারের ‘আচরণ’ দেখে এবং অভিযোগ শুনতে অনীহার কারণে তারা সভা ত্যাগ করেন।