হবিগঞ্জ প্রতিনিধি | ২৫ ডিসেম্বর, ২০১৮
জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থী ড. রেজা কিবরিয়া বলেছেন, আওয়ামী লীগ নির্বাচনে জিতলেও হারবে, সরকার গঠন করতে পারবে না।
মঙ্গলবার সকালে ড. রেজা কিবরিয়া নিজ বাসভবনে গণমাধ্যম কর্মীদের সাথে আলাপকালে তিনি এমন মন্তব্য করেন। নিজের ফেসবুক পেইজে দেওয়া এক ভিডিও বার্তায়ও এমনটি বলেন রেজা।
রেজা কিবরিয়া বলেন, গায়ের জোরে সরকার গঠন করলে এক সপ্তাহ থেকে দুই সপ্তাহ সর্বোচ্চ দুই মাস ক্ষমতায় থাকতে পারবে। এরপরই ক্ষমতা ছাড়তে হবে।
তিনি আরও বলেন, এ সরকার জানেনা জনগণ তাদের উপর কতটা ক্ষেপে আছে, একবার জনগণ ভোট দেয়ার সুযোগ পেলে, জনগণ সেই প্রতিশোধ নিবে। মানুষ ধানের শীষে ভোট দিতে কতটা আগ্রহী ৩০ তারিখে ভোট দিতে গেলে বুঝবে।
তিনি বলেন, আমার নির্বাচনী এলাকার মানুষ শান্তিতে ঘুমাতে পারছে না। প্রতিদিন পুলিশ নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে হানা দিচ্ছে। এখন পর্যন্ত ৩০-৪০জনকে গ্রেপ্তার করেছে। তারা ভাবছে এভাবে নির্যাতন করলে জনগণ ভয় পেয়ে ভোট দিতে যাবে না। মানুষ ভোটের মাধ্যমেই সেটার জবাব দিবে। ভোটে আওয়ামীলীগ জিতার কোনো সম্ভাবনা দেখছি না।
এক প্রশ্নের জবাবে রেজা বলেন, আমার বাবা এ এলাকায় অনেক উন্নয়ন করেছেন। বাবার কাজ দেখে অনেকেই আমাকে ভোট দিবেন। আমাকে একবার সুযোগ দিলে আমি নবীগঞ্জ-বাহুবলকে পরিবর্তন করে দিব যা ৫০ বৎসরেও হয়নি। একটি বার জনগণ সুযোগ দিয়ে দেখুক না আমি কী করতে পারি।
ফ্রি ইলেকশন হলে আমি বিজয়ী হবো, বিএনপি সরকার গঠন করবে মন্তব্য করে বলেন, আওয়ামী লীগ চাচ্ছে একটি নগ্ন ইলেকশন। তারা এটা জেনে রাখুক সূক্ষ্ম কারচুপি, মাঝারি কারচুপি করেও জিততে পারবেনা। জিততে হলে নগ্নতা ও নগ্ন কারচুপি করতে হবে।