Sylhet Today 24 PRINT

হবিগঞ্জ-৩ থেকে সরে দাঁড়ালেন আতিক

হবিগঞ্জ প্রতিনিধি  |  ২৫ ডিসেম্বর, ২০১৮

হবিগঞ্জ-৩ আসনে আওয়ামী লীগ প্রার্থী আবু জাহিরকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য আতিকুর রহমান আতিক। তিনি হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির সভাপতিও।

মঙ্গলবার (২৫ ডিসেম্বর) বিকেলে শহরের শ্যামলী এলাকায় নিজ বাসবভনে সাংবাদিক সম্মেলনে এ ঘোষণা দেন তিনি।

এ সময় তিনি বলেন, ‘একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমাকে হবিগঞ্জ-১ ও হবিগঞ্জ-৩ আসনে মনোনয়ন দেয়া হয়। বর্তমানে দলের কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক আমাকে শুধুমাত্র হবিগঞ্জ-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য বলা হয়েছে। পাশাপাশি আমাকে হবিগঞ্জ-৩ আসনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত হয়েছে। দলের কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক হবিগঞ্জ-৩ আসন থেকে মহাজোটের সমর্থনে আমি নির্বাচন থেকে সরে দাঁড়ালাম।

তিনি বলেন- হবিগঞ্জ-৩ আসন থেকে সরে দাঁড়ালেও হবিগঞ্জ-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করব। ’ এ সময় তিনি দলের নেতাকর্মী এবং নবীগঞ্জ বাহুবলবাসীকে ঐক্যবদ্ধ হয়ে হবিগঞ্জ-১ আসনে লাঙ্গলকে বিজয়ী করার আহ্বান জানান।

সাংবাদিক সম্মেলনে আতিকুর রহমান আতিক অভিযোগ করে বলেন- আমার নেতাকর্মীরা পুলিশি হয়রানির শিকার হচ্ছেন। কারণে অকারণে আমার নেতাকর্মীকে গ্রেপ্তার করা হচ্ছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.