ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি | ২৫ ডিসেম্বর, ২০১৮
সিলেট-৩ আসনে জাতীয় বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী শফি আহমদ চৌধুরী বলেছেন, দেশের উন্নয়নের নামে বর্তমান অবৈধ আওয়ামী লীগ সরকারের মন্ত্রী এমপিরা শুধু লুটপাট করেছেন। দেশের মানুষের জন্য তারা গত ১০ বছর কোনো কাজ করেনি। বর্তমানে বিরোধী নেতা কর্মীদের পুলিশ দিয়ে গ্রেপ্তার করে জনগণের ভোট ছিনিয়ে নিতে চাচ্ছে। প্রায় প্রতিদিনই আমার নির্বাচনী এলাকা থেকে নিরীহ বিএনপি নেতা কর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে। সরকারকে মনে রাখতে হবে গণগ্রেপ্তার করে ভোটের ফলাফল পাল্টানো যাবে না। তিনি ৩০ ডিসেম্বর আসন্ন সংসদ নির্বাচনে সারা দেশে ধানের শীষকে বিজয়ী করে এসব গণগ্রেপ্তারের জবাব দেওয়া হবে হুঁশিয়ারি দেন।
মঙ্গলবার (২৫ ডিসেম্বর) তার নির্বাচনী এলাকা ফেঞ্চুগঞ্জ উপজেলায় গণসংযোগকালে পথসভায় এসব কথা বলেন। উপজেলার সারকারখানা বাজার, পুরানবাজার, পালবাড়ী, নয়াবাজার, ফরিদপুর বাজার ও ফেঞ্চুগঞ্জ ডাক বাংলা প্রাঙ্গণে এসব সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সিলেট জেলা বিএনপির পরিবেশ বিষয়ক সম্পাদক তসলিম আহমদ নেহারের সভাপতিত্বে ও সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ খান জামালের সঞ্চালনায় অনুষ্ঠিত এসব সভায় আরও বক্তব্য রাখেন যুবদলে সাবেক কেন্দ্রীয় সহ সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি এডভোকেট সাঈদ আহমদ, প্রবাসী বিএনপি নেতা হারুন চৌধুরী, শফি চৌধুরীর পুত্রবধূ দিঠি চৌধুরী, বিএনপি নেতা সহিদুল ইসলাম কয়েছ, আক্তার হোসেন উস্তার, রেদওয়ানুল করিম, দিলা মিয়া মেম্বার, পারভেজ আহমদ, হাকিম উদ্দিন কয়ছর, মাজহারুল ইসলাম রাসেল, জুবের আহমদ, গিয়াস উদ্দিন, তানজিমুল ইসলাম, শাহেদ মেম্বার, জহিরুল ইসলাম তানিম, সাইফুল ইসলাম চোটন, মঈনুদ্দিন আহমদ, ফখরুল ইসলাম পাপ্পু, জাহাঙ্গীর হোসেন, সাজ্জাদ মিয়া, রাশেদুজ্জামান চৌধুরী প্রমুখ।