Sylhet Today 24 PRINT

জকিগঞ্জে নৌকা প্রতীকের প্রচারণা গাড়িতে আগুন

জকিগঞ্জ প্রতিনিধি |  ২৫ ডিসেম্বর, ২০১৮

সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হাফিজ আহমদ মজুমদারের নির্বাচনী প্রচারণাকালে প্রচার গাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে একই আসনের বিএনপি প্রার্থীর সমর্থকরা। এতে নৌকা প্রতীকের প্রচার গাড়ীটি পুড়ে গেছে। মঙ্গলবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে জকিগঞ্জ উপজেলার বারহাল ইউনিয়নের ঘাটেরবাজারে এ ঘটনাটি ঘটে বলে জানা যায়।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, আনুমানিক সাড়ে সাতটার দিকে আওয়ামী লীগের প্রচারণায় ব্যবহৃত অটোরিকশাটি বারহাল ইউনিয়নের ঘাটেরবাজারে আসা মাত্রই দুর্বৃত্তরা হামলা চালায়। এসময় প্রচারযানের সাথে থাকা প্রচারকারীরা পালিয়ে যায়। পরে সেখানে একটি ককটেল বিস্ফোরণের শব্দও শোনেন এলাকাবাসী। পরে স্থানীয়রা দেখেন প্রচারণায় ব্যবহৃত অটোরিকশাটি আগুনে পুড়ছে।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান হাওলাদার সিলেটটুডে টোয়েন্টিফোরকে বলেন, ঘটনাটি আমি শুনেছি। ঘটনাটি আমার থানা থেকে ২৩ কিলোমিটার দূরে। আমি সেখানে পুলিশ পাঠিয়েছি। বর্তমানে সেখানে পুলিশ মোতায়েন করা আছে। ঘটনাটি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।


টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.