Sylhet Today 24 PRINT

মুক্তাদিরকে আওয়ামী লীগে যোগ দেওয়ার আহ্বান মোমেনের

নিজস্ব প্রতিবেদক |  ২৫ ডিসেম্বর, ২০১৮

সিলেট-১ আসনের বিএনপির প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরকে আওয়ামী লীগে 'চলে আসার' আহ্বান জানিয়েছেন এই আসনের আওয়ামী লীগের প্রার্থী ড. একে আব্দুল মোমেন।

মঙ্গলবার দুপুরে নগরীর নয়াসড়ক গির্জায় খ্রিষ্ট ধর্মাবলম্বীদের বড়দিনের অনুষ্ঠানে গিয়ে মুক্তাদিরকে এমন আহ্বান জানান মোমেন। মোমেনের এমন আহ্বানের জবাবে মুক্তাদির ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

জানা যায়, মঙ্গলবার দুপুরে বড়দিনের অনুষ্ঠানে গিয়ে দেখা হয় ড. মোমেন ও খন্দকার মুক্তাদিরের। একসাথে দুজনে বড়দিনের কেকও কাটেন।

কেক কাটার আগে গির্জা চত্বরে আলাপচারিতায় মেতে উঠেন দুই প্রার্থী।

সেসময় নয়াসাড়ক গির্জায় উপস্থিত গণমাধ্যম কর্মীরা জানান, আলাপচারিতার এক পর্যায়ে ড. আব্দুল মোমেন ঠাট্টাচ্ছলে খন্দকার মুক্তাদিরকে বলেন, আপনাদের সবাই তো আওয়ামী লীগে চলে আসছে। আপনিও চলে আসেন।

মোমেনের এমন বক্তব্যের জবাবে মুক্তাদির ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান বলে জানান প্রত্যক্ষদর্শীরা।

প্রসঙ্গত, সিলেট-১ আসনে মুক্তাদিরের সাথে মনোনয়ন দৌড়ে ছিলেন দলটির সদ্য সাবেক ভাইস চেয়ারম্যান ইনাম আহমদ চৌধুরী। মনোনয়ন না পেয়ে তিনি সম্প্রতি আওয়ামী লীগে যোগ দেন।

এছাড়া গত দুদিনে সদর উপজেলার শতাধিক বিএনপি নেতাকর্মী আওয়ামী লীগে যোগ দিয়েছেন বলে সংবাদ মাধ্যমে আওয়ামী লীগের পক্ষ থেকে প্রেরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.