সিলেটটুডে ডেস্ক | ২৬ ডিসেম্বর, ২০১৮
ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের সাথে সাক্ষাৎ করে তার নিরাপত্তার বিষয়ে খোঁজ খবর নিয়েছে ঢাকা মহানগর পুলিশের একটি দল।
বুধবার (২৬ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে প্রায় ঘণ্টাখানেক কামাল হোসেনের চেম্বারে অবস্থান করেন মতিঝিল থানার উপকমিশনার আনোয়ার হোসেন।
সাংবাদিকদের ডিসি আনোয়ার হোসেন বলেন, ‘নিয়মিত দায়িত্বের (রেগুলার ডিউটি) অংশ হিসেবে আমরা এসেছি। ওনার নিরাপত্তার বিষয় নিয়ে আলোচনা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘নিরাপত্তা নিয়ে কামাল হোসেনের কোনো পর্যবেক্ষণ (অবজারভেশন) আছে কি না, এসব নিয়ে খোলামেলা আলোচনা হয়েছে।’
কামালের অফিসে পুলিশ যাওয়ার খবরে গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানিয়েছিলেন, পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া ঐক্যফ্রন্টের আহ্বায়কের সঙ্গে দেখা করতে চান। সেজন্যই কয়েকজন পুলিশ কর্মকর্তা এসেছেন।
উপকমিশনার আনোয়ার ওই কার্যালয় থেকে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকরা জানতে চান পুলিশ কমিশনার কখন দেখা করবেন। উত্তরে আনোয়ার বলেন, আমরা এখনও জানি না।
পুলিশ চলে যাওয়ার পর গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু সাংবাদিকদের জানান, উনি (আনোয়ার) পুলিশ কমিশনারের বার্তা নিয়ে এসেছিলেন। পুলিশ কমিশনার দেখা করতে চাচ্ছিলেন। কিন্তু যানজটে আসতে পারেননি।
উপ কমিশনার তখন জিজ্ঞেস করেছিলেন, আমাদের সভাপতির নিরাপত্তার জন্য বাড়তি কোনো ব্যবস্থা দরকার আছে কি না। আমাদের সভাপতি বলেছেন, তার প্রয়োজন নেই। তবে পুলিশ যদি মনে করে, তাহলে দিতে পারে।
অফিসে এসে খোঁজ খবর নেওয়ায় পুলিশকে কামাল ধন্যবাদ জানিয়েছেন বলেও জানান মন্টু।
নির্বাচন কমিশনের বৈঠক নিয়ে পুলিশের সঙ্গে কামালের কোনো কথা হয়েছে কি না জানতে চাইলে মোস্তফা মহসিন মন্টু বলেন, ইসির ঘটনা নিয়ে কোনো আলোচনা হয়নি।
ভোটের তিন দিন আগে নির্বাচনী পরিবেশ নিয়ে এক প্রশ্নের জবাবে ঐক্যফ্রন্টের এই নেতা বলেন, আমরা তো পোস্টারই লাগাতে পারছি না। আমাদের ওপর হামলা হচ্ছে। গতকালও হামলা হয়েছে। এ বিষয়গুলো আইনশৃঙ্খলা বাহিনীকে খেয়াল রাখতে হবে।