সিলেটটুডে ডেস্ক | ২৬ ডিসেম্বর, ২০১৮
চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে ধানের শীষের প্রার্থী ইসহাক কাদের চৌধুরীর ভাইয়ের গাড়ি থেকে পেট্রোল বোমা তৈরির সরঞ্জাম ও দেশি অস্ত্র জব্দসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২৬ ডিসেম্বর) বেলা দেড়টার দিকে ফৌজদারহাট এলাকার তুলাতলীর রেড চিকেন রেস্তোরাঁর সামনে থেকে একটি প্রাডো গাড়িতে পেট্রোল বোমা তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম এবং একটি দেশি বন্দুক ও গুলি পাওয়া যায় বলে জানায় পুলিশ।
গাড়িটি বিএনপির প্রার্থী ইসহাক কাদের চৌধুরীর ভাই আমজাদ হোসেন চৌধুরীর বলে জানা গেছে। গ্রেপ্তারকৃত মেহেদী হাসান (২৪) গাড়িটির চালক।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে সীতাকুণ্ড থানার ওসি দেলোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই গাড়িতে তল্লাশি চালিয়ে পেট্রোল বোমার সরঞ্জাম ও অস্ত্র উদ্ধার করা হয়। গাড়িটি বিএনপি প্রার্থীর প্রচারে ব্যবহার হত। এতে বিএনপি প্রার্থীর পোস্টার ও বিভিন্ন সরঞ্জাম ছিল।
উল্লেখ, মঙ্গলবার সীতাকুণ্ডের মাদাম বিবির হাটে আওয়ামী লীগের প্রার্থী দিদারুল আলমের প্রচার লক্ষ্য করে ছোড়া পেট্রোল বোমায় তিনজন দগ্ধ হয়েছিলেন। এছাড়া হামলায় আহত হয়েছিলেন আরও পাঁচ-ছয়জন।