Sylhet Today 24 PRINT

জামায়াতের ২৫ নেতার নির্বাচনে বাধা নেই

সিলেটটুডে ডেস্ক |  ২৭ ডিসেম্বর, ২০১৮

নিবন্ধন বাতিল হওয়া জামায়াতে ইসলামীর নেতাদের নির্বাচনে অংশগ্রহণকে বৈধতা দেওয়ার সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে হাই কোর্ট।

বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) ওই সিদ্ধান্তের বিরুদ্ধে আবেদনকারীদের রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের হাই কোর্ট বেঞ্চে রুল জারি করে।

তবে আদালত নির্বাচন কমিশনের ওই সিদ্ধান্ত স্থগিত না করায় কিংবা ধানের শীষ প্রতীকে জামায়াতের ২৫ প্রার্থীকে ভোটের অযোগ্য ঘোষণা না করায় তাদের নির্বাচনে অংশগ্রহণে কোনো আইনি বাধা থাকছে না বলে আইনজীবীরা জানিয়েছেন।

জামায়াতে ইসলামীর নেতাদের নির্বাচনে অংশগ্রহণের বৈধতা চ্যালেঞ্জ করে চার ব্যক্তির করা একটি আবেদন ২৪ ডিসেম্বর নামঞ্জুর করে নির্বাচন কমিশন।

আদেশের পর নির্বাচন কমিশনের আইনজীবী সাংবাদিকদের বলেন, রুল বিবেচনাধীন থাকা অবস্থায় ২৫ জনকে নির্বাচনের অযোগ্য ঘোষণার আবেদন করা হয়েছিল রিটে। আদালত সে নির্দেশনা দেয়নি। ফলে বিএনপির প্রতীক ধানের শীষ নিয়ে ২৫ প্রার্থীর নির্বাচন করতে বাধা নেই।

বিএনপির মনোনয়নে ও স্বতন্ত্র হিসেবে প্রার্থী হওয়া ওই ২৫ জনের প্রার্থিতা বাতিল চেয়ে করা আবেদনটি নামঞ্জুর করে নির্বাচন কমিশনের পাঠানো চিঠি কেন অবৈধ ঘোষণা করা হবে না- তা জানতে চাওয়া হয়েছে রুলে।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি), নির্বাচন কমিশন সচিব, জামায়াতের ২৫ প্রার্থীসহ সংশ্লিষ্টদের চার সপ্তাহের মধ্যে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদালতে জামায়াত নেতাদের পক্ষে শুনানি করেন রুহুল কুদ্দুস কাজল। নির্বাচন কমিশনের পক্ষে ছিলেন আইনজীবী মো. ইয়াসিন খান। আর রিটকারীপক্ষে শুনানি করেন আইনজীবী তানিয়া আমীর।

প্রসঙ্গত, রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন বাতিল হওয়ায় একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রতীক ধানের শীষ নিয়ে ২৫টি আসনে লড়ছে জামায়াত ইসলামী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.