Sylhet Today 24 PRINT

‘নৌকায় ভোট দিয়ে আজীবন সেবা নিতে’ অ্যাম্বুলেন্স শোভাযাত্রা

মাগুরা-১ আসন

সিলেটটুডে ডেস্ক |  ২৭ ডিসেম্বর, ২০১৮

মাগুরা-১ আসনের আওয়ামী লীগ প্রার্থী সাইফুজ্জামান শিখরের পক্ষে 'নৌকা মার্কায় ভোট দিন আজীবন সেবা নিন' স্লোগান দিয়ে অ্যাম্বুলেন্স শোভাযাত্রা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) বেলা ১২টার দিকে জেলার অ্যাম্বুলেন্স ওনার্স অ্যাসোসিয়েশনের ব্যানারে এই শোভাযাত্রা বের হয়।

৪০টি অ্যাম্বুলেন্সের এই শোভাযাত্রা জেলা শহরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। এ সময় চালক ছাড়া অ্যাম্বুলেন্সে আর কেউ ছিল না।

অ্যাসোসিয়েশনের সভাপতি খন্দকার ফরহাদ হোসেন বলেন, সাইফুজ্জামান শিখর জনপ্রতিনিধি না হয়েও মাগুরায় যে পরিমাণ উন্নয়নমূলক কাজ করেছেন, তার মধ্যে অন্যতম হচ্ছে মানুষের স্বাস্থ্যসেবা।

তিনি বলেন, মাগুরা সদর হাসপাতালকে ২৫০ শয্যায় রূপান্তরিত করতে তার অবদানই বেশি। ৫০০ শয্যার একটি মেডিকেল কলেজ এখানে হচ্ছে, যার কার্যক্রম ইতোমধ্যেই শুরু হয়েছে। এতেও রয়েছে তার অবদান। তাই আমরা চাই তিনি নির্বাচিত হন।

শিখর নির্বাচিত হলে অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার মধ্য দিয়ে মাগুরায় ৫০ হাজার মানুষের কর্মসংস্থান হবে বলে দাবি করেন তিনি।

সাইফুজ্জামান শিখর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক একান্ত সহকারী সচিব। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী হলেন জেলা বিএনপির সাবেক সহসভাপতি মনোয়ার হোসেন খান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.