Sylhet Today 24 PRINT

মূল লড়াইয়ে তিন প্রার্থী

সিলেট-৫ আসন

কানাইঘাট প্রতিনিধি |  ২৮ ডিসেম্বর, ২০১৮

সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনে মোট ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও আ’লীগ সমর্থিত প্রার্থী সাবেক সাংসদ  হাফিজ আহমদ মজুমদার, জাতীয় পার্টি সমর্থিত প্রার্থী বিরোধী দলীয় হুইপ সেলিম উদ্দিন ও ঐক্যফ্রন্ট সমর্থিত প্রার্থী মাওঃ ওবায়দুল্লাহ ফারুকের মধ্যে মূল লড়াই হবে বলে জানিয়েছেন ভোটাররা।

প্রচারণার দিক থেকে নৌকার প্রার্থী হাফিজ আহমদ মজুমদার ও লাঙ্গলের প্রার্থী সেলিম উদ্দিন এগিয়ে থাকলেও ঐক্যফ্রন্টের মনোনিত ধানের শীষের প্রার্থী ওবায়দুল্লাহ ফারুক পিছিয়ে রয়েছেন। ধানের শীষের সমর্থকদের ধরপাকড় ও ঐক্যফ্রন্টের নেতাকর্মীদের বাসা-বাড়ি হাট-বাজারে পুলিশের অব্যাহত অভিযানের কারণে ধানের শীষের প্রচারনা থমকে গেছে। এতে ভোটের লড়াইয়ে সুবিধাজনক অবস্থানে আছেন আ’লীগের প্রার্থী হাফিজ আহমদ মজুমদার।

অপর দিকে নির্বাচনী মাঠে ব্যাপক প্রচারণা সরব ছিলেন জাতীয় পার্টির প্রার্থী সেলিম উদ্দিন এমপি। বিগত জাতীয় সংসদ নির্বাচনে বিয়ানীবাজার উপজেলার বাসিন্দা সেলিম উদ্দিন আ’লীগ ও জাতীয় পার্টির নির্বাচনী সমোজতার মাধ্যমে তিনি সিলেট-৫ আসন থেকে বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছিলেন। নির্বাচনের পর থেকে কানাইঘাট-জকিগঞ্জে ব্যাপক উন্নয়ন কর্মকান্ড বাস্থবায়ন ও নির্বাচনী এলাকার মানুষের পাশে থাকার কারণে বিয়ানীবাজারের বাসিন্দা হলেও সেলিম উদ্দিন ভোটারদের মন জয় লাভ করতে সক্ষম হয়েছেন।

সিলেট-৫ আসনে জাতীয় পার্টির সাংগঠনিক কার্যক্রম আগের মত শক্তিশালী না হলেও লাঙ্গল প্রতীককে বিজয়ী কারার জন্য দলীয় নেতাকর্মীরা একজোট হয়ে আসনটি ধরে রাখার জন্য প্রতিদিন জেলা জাতীয় পার্টির নেতৃবৃন্দ নির্বাচনী মাঠে জোর তৎপরতা চালিয়ে যাচ্ছেন। আ’লীগ সমর্থিত প্রার্থী সাবেক দুবারের সাংসদ হাফিজ আহমদ মজুমদার একজন স্বজ্জন ব্যক্তি হিসাবে ভোটারদের কাছে তার ব্যাপক পরিচিতি রয়েছে। আ’লীগের নেতাকর্মীরা তাকে বিজয়ী করার জন্য সরকারের উন্নয়ন মূলক কমর্কান্ড তুলে ধরে কানাইঘাট-জকিগঞ্জকে সব দিক থেকে এগিয়ে নেওয়ার জন্য আ’লীগের সভানেত্রী প্রধান মন্ত্রী শেখ হাসিনার আস্থাভাজন মজুমদারকে বিজয়ী করার জন্য ভোটারদের ধারে ধারে ঘোরছেন।

সিলেট-৫ আসনে ঐক্যফ্রন্টের প্রার্থী জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় সহ-সভাপতি মাওঃ ওবায়দুল্লাহ ফারুক ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে জমিয়তের দলীয় প্রতিক খেজুর গাছ প্রতীক নিয়ে নির্বাচন করে জামানাত হারান। এ আসনে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা সাবেক সাংসাদ মাওলানা ফরিদ চৌধুরীকে এবার মনোনয়ন না দিয়ে ঐক্যফ্রন্টের প্রার্থী হিসাবে মাওলানা ওবায়দুল্লাহ ফারুককে ধানের শীষের প্রার্থী করা হয়। কানাইঘাট-জকিগঞ্জ উপজেলা বিএনপির নেতাকর্মীরা শুরু থেকে ফারুকের পক্ষে নির্বাচনী মাঠে সক্রীয় রয়েছেন। জামায়াতে ইসলামী দলও ফারুকে প্রথমে মেনে না নিলেও নির্বাচনের শেষ মুহুর্তে ধানের শীষের এ প্রার্থীকে আনুষ্ঠানিক ভাবে সমর্থন দিয়ে মাঠে নামায় ভোটের লড়াইয়ে ওবায়দুল্লাহ ফারুক সুবিধাজনক অবস্থানে রয়েছেন। ফারুকের নিজ সংগঠন জমিয়তে উলামায়ে ইসলামের সাংগঠনিক শক্তিও নির্বাচনী এলাকার দুই উপজেলায় রয়েছে।

এ আসনে মোট ভোটার সংখ্যা ৩,২৪,৩১২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১,৬৩,১৯১ জন আর মহিলা ভোটার ১,৬১,১২১ জন। নির্বাচন অফিস সূত্রে জানা যায়, কানাইঘাটে ৮১টি ও জকিগঞ্জে ৮১ ভোট কেন্দ্র রয়েছে।
এবারের নির্বাচনে এ আসন থেকে অন্যান্য দলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা করছেন, ইসলামী ঐক্যজোট মনোনীত এম.এ মতিন চৌধুরী মিনার, ইসলামী আন্দোলন মনোনীত নুরুল আমিন হাতপাখা, গণফোরাম মনোনীত বাহার উদ্দিন আল রাজী উদীয়মান সূর্য, মুসলিম লীগ-বি.এম.এল মনোনীত শহীদ আহমদ চৌধুরী হারিকেন ও একমাত্র সতন্ত্র প্রার্থী হিসাবে আওয়ামীলীগ নেতা ফয়জুল মুনির চৌধুরী সিংহ প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিয়েছেন।

এ আসনের অতীত ইতিহাস পর্যালোচনা করে দেখা যায়, ১৯৯১ সালে পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী ঐক্যজোটের প্রার্থী মাওলানা ওবায়দুল হক মিনার প্রতীক নিয়ে ২৬,২৬৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছিলেন। ১৯৯৬ সালে সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত হাফিজ আহমেদ মজুমদার নৌকা প্রতীক নিয়ে ২৯,৪৮৩ ভোট পেয়ে বিজয়ী হন, নিকটতম প্রতিদ্বন্দ্বি ফরিদ উদ্দীন চৌধুরী দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে ২৮,১২০ ভোট পেয়েছিলেন। ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে ৪ দলীয় জোটের প্রার্থী মাওলানা ফরিদ উদ্দীন চৌধুরী দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে ৭৭,৭৫০ ভোট পেয়ে বিজয়ী হন তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামীলীগ মনোণীত প্রার্থী হাফিজ আহমেদ মজুমদার পেয়েছিলেন ৫২,৮৮৫ ভোট। ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে মহজোট থেকে হাফিজ আহমেদ মজুমদার নৌকা প্রতীক নিয়ে ১,০৯,৬৯০ ভোটে বিজয়ী হন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ছিলেন ৪ দলীয় জোটের প্রার্থী মাওলানা ফরিদ উদ্দীন চৌধুরী দাঁড়িপাল্লায় ৭৮,০৬১ ভোট পেয়েছিলেন। ২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন বর্তমান সংসদ সদস্য সেলিম উদ্দিন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.