Sylhet Today 24 PRINT

গ্রহণযোগ্য নির্বাচনে আশাবাদী ব্রিটিশ রাষ্ট্রদূত

মৌলভীবাজার প্রতিনিধি |  ২৮ ডিসেম্বর, ২০১৮

একাদশ জাতীয় সংসদ নির্বাচন গ্রহণযোগ্য হবে বলে আশাবাদী বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাই কমিশনার অ্যালিসন ব্লেইক। তিনি বাংলাদেশের মানুষ যেন নিজেদের ইচ্ছানুসারে যাকে খুশি তাকে ভোট দিতে পারে, প্রশাসনের কাছে এমন পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানিয়েছে।

শুক্রবার (২৮ ডিসেম্বর) সকাল ১১টার দিকে মৌলভীবাজার জেলা প্রশাসক (ডিসি) ও রিটার্নিং কর্মকর্তা মো. তোফায়েল ইসলামের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা বলেন ব্রিটিশ রাষ্ট্রদূত।

ডিসির সঙ্গে সাক্ষাৎ প্রসঙ্গে জানতে চাইলে অ্যালিসন ব্লেইক বলেন, "নির্বাচনকে কেন্দ্র করে জেলা প্রশাসকের প্রস্তুতি বিষয়ে জানতেই আসলে আমি এখানে এসেছিলাম। আমার পরস্পরের মাঝে নিজেদের ভাবনা-চিন্তাগুলো আদান-প্রদান করেছি। একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে তাঁর প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। আমরা চাই, ভোটের দিন সবাই যেন নিরাপদে ভোট দিতে পারে।"

"জেলা প্রশাসক ছাড়াও মৌলভীবাজারে ভোটের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে সংশ্লিষ্ট কয়েকজনের সঙ্গেও আমাদের সাক্ষাৎ হয়েছে। ভোটের দিন বাংলাদেশের মানুষ যেন নিজেদের ইচ্ছামতো যাকে খুশি তাকে ভোট দিতে পারে, এটাই আমাদের চাওয়া," বলেন অ্যালিসন।

ব্রিটিশ হাইকমিশনার আরো বলেন, "নির্বাচনের দিন এটাই দেখার বিষয় যে, ভোটাররা ভোটকেন্দ্রে গিয়ে নিজেদের ভোট দিতে পারছেন কি না।"

জেলা প্রশাসনের কর্মকর্তা ও ব্রিটিশ হাই কমিশনের কর্মকর্তারা এই সময় উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.