Sylhet Today 24 PRINT

জীবনের প্রথম ভোট নিজেকেই দেবেন সর্বকনিষ্ঠ প্রার্থী সানসিলা

সিলেটটুডে ডেস্ক |  ২৮ ডিসেম্বর, ২০১৮

শেরপুর-১ আসনের বিএনপি প্রার্থী সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা তার জীবনের প্রথম ভোট নিজেকেই দেবেন বলে জানিয়েছেন। সাড়ে ২৫ বছর বয়সী এই চিকিৎসক এবারের সংসদ নির্বাচনে সর্বকনিষ্ঠ প্রার্থী।

শেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক হযরত আলীর মেয়ে তিনি। ঋণ খেলাপের দায়ে হযরত আলীর মনোনয়নপত্র বাতিল হয়ে গেলে মাঠে নামেন সানসিলা।

এ আসনে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী চারবারের সংসদ সদস্য আওয়ামী লীগের আতিউর রহমান আতিক।

সানসিলা বলেন, ২০১১ সালে এইচএসসি পাস করার পর জেলা শহরের মধ্যশেরী মহল্লায় বাড়ির ঠিকানায় ভোটার হই। বিএনপি ২০১৪ সালের সংসদ নির্বাচন বর্জন করায় ভোট দিতে যাইনি। এর আগে অন্যান্য জনপ্রতিনিধি নির্বাচনের সময় মেডিকেল পড়াশোনার চাপে শেরপুর আসতে পারিনি। এবারই আমি আমার জীবনের প্রথম ভোট দেব, যেখানে আমি নিজেই প্রার্থী। তাই জীবনের প্রথম ভোটটি নিজেকেই দেব।

বাড়ির কাছেই সিংপাড়ায় দিশা প্রিপারেটরি অ্যান্ড হাইস্কুল সানসিলা জেবরিনের ভোটকেন্দ্র।

তবে নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে শংকায় রয়েছেন বলে জানান সর্বকনিষ্ঠ এই প্রার্থী।

সানসিলা বলেন, আমি আমার নিজের ভোটটি দিতে পারব কিনা সে বিষয়ে শংকায় রয়েছি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.