Sylhet Today 24 PRINT

কর্মীদের জন্য মির্জা ফখরুলের শেষ বার্তা

সিলেটটুডে ডেস্ক |  ২৯ ডিসেম্বর, ২০১৮

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কর্মীদের জন্য শেষ বার্তা জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, "আমি শুধু কর্মীদের জন্য একটি বার্তা দিতে চাই তা হলো- জনগণকে সঙ্গে নিয়ে ভোট দিতে যেতে হবে। ভোট পাহারা দিতে হবে এবং ভোট যেন কেউ চুরি না করতে পারে সেদিকে লক্ষ রাখতে হবে।"

শনিবার (২৯ ) দুপুর ১টার দিকে ঠাকুরগাঁও জেলা রিটার্নিং কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎকার শেষে সাংবাদিকদের কাছে তিনি এ কথা বলেন। এ সময় জেলা বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ফখরুল বলেন, "জনগণ ভোটের মাধ্যমে এবারে পরিস্থিতি বদলে দেবে। ভোট যেন কেউ চুরি না করতে পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে।"

নিজ দলের কর্মীদের আটকের বিষয়ে তিনি বলেন, "গতকাল বিএনপির যাদের আটক করা হয়েছে তারা অনেক গুরুত্বপূর্ণ নেতা। আমি এ বিষয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা ও এসপি সাহেবকে জানিয়েছি। এরপরও আমাদের সাধারণ ভোটারকে কেউ হতাশ করতে পারবে না।"

বিএনপিতে নির্বাচন নিয়ে কোনো বিরোধ আছে কিনা এমন প্রশ্নের জবাবে ফখরুল বলেন, "আমাদের মধ্যে কোনো বিরোধ নেই। এ গুলো সরকারের কূটচাল। একেবারে ভিত্তিহীন। এগুলো কোনোটাই সঠিক নয়। বিএনপি নির্বাচনে আছে, থাকবে।"

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.