Sylhet Today 24 PRINT

বিএনপির এজেন্টদের কেন্দ্রে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ মুক্তাদিরের

নিজস্ব প্রতিবেদক |  ৩০ ডিসেম্বর, ২০১৮

ভোটকেন্দ্রে বিএনপির পোলিং এজেন্টদের ঢুকতে বাধা প্রদান করার অভিযোগ করেছেন সিলেট-১ আসনে বিএনপি ও ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির।

রোববার (৩০ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শনে এসে সাংবাদিকদের কাছে এমন অভিযোগ করেন মুক্তাদির।

তিনি বলেন, জনমনে পুলিশ ও সরকার ভীতি সৃষ্টি করে আতঙ্কজনক পরিস্থিতি তৈরি করেছে। কাউকেই ঘর থেকে বের হতে দিচ্ছে না। গতকাল রাতেও আমাদের নেতা-কর্মীরা গ্রেপ্তার আতঙ্কে পালিয়ে বেড়িয়েছে। আতঙ্কের কারণে এখনো ভোটকেন্দ্রে লোক সমাগম হয়নি।

মুক্তাদির বলেন, আমাদের পোলিং এজেন্টকে কেন্দ্রে ঢুকতে বাধা প্রদান করা হচ্ছে। খাদিমপাড়া কৃষ্ণনগর সেন্টার থেকে আমাদের দলের লোক সাবেক মেম্বার পাখি মিয়াসহ দুজনকে আটক করা হয়েছে। এছাড়া খান জাহান আলী ও ভেটেরিনারি স্কুলেও পোলিং এজেন্টদের ঢুকতে বাধা দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৪৪ হাজার ২১৯ জন। এর মধ্যে ২ লাখ ৮৬ হাজার ২ শত ৬৯ জন পুরুষ এবং ২ লাখ ৫৭ হাজার ৫ শত ৭৫ জন নারী ভোটার।


টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.