Sylhet Today 24 PRINT

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন: শোকজের জবাব দিলেন মাসুক উদ্দিন

নিজস্ব প্রতিবেদক |  ০৪ ডিসেম্বর, ২০২৩

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে প্রাপ্ত শোকজের জবাব দিলেন সিলেট-৫ আসনের আওয়ামী লীগের প্রার্থী ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ।

সোমবার (৪ ডিসেম্বর) সকালে সিলেটে নির্বাচনী অনুসন্ধান কমিটির অস্থায়ী কার্যালয় যুগ্ম মহানগর দায়রা জজ মোহাম্মদ দিদার হোসেনের আদালতে সশরীরে উপস্থিত হয়ে জবাব দেন তিনি।

এ বিষয়ে বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ জানান, আদালতের বিচারকের কাছে অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন তিনি। আদালত সেই ব্যাখ্যায় সন্তুষ্ট হয়ে তাকে সতর্ক করেছেন।

এর আগে, শনিবার দুপুর পৌনে ১২টার দিকে মাসুক উদ্দিন আহমদ শতাধিক মোটরসাইকেল ও অন্যান্য যানবাহনের বিশাল বহর নিয়ে সিলেট থেকে জকিগঞ্জে যাওয়ার পথে নির্বাচনী মহড়া (শোডাউন) দেন এবং পথসভা করেন। এতে কানাইঘাট উপজেলার বাংলাবাজার থেকে জকিগঞ্জ সদর পর্যন্ত যানজটের সৃষ্টি হয়।

এ সময় নির্বাচনী অনুসন্ধান ক‌মি‌টির চেয়ারম্যানের গাড়িসহ অন্যান্য যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি হয় এবং তীব্র যানজটের সৃষ্টি হয়।

এতে, ওই প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০০৮-এর ৬(ক), ৮(ঘ) ও ১২ ধারার বিধান লঙ্ঘনের অভিযোগ আনা হয়।

এজন্য সোমবার বেলা ১১টায় নির্বাচনী অনুসন্ধান কমিটির অস্থায়ী কার্যালয় যুগ্ম মহানগর দায়রা জজ প্রথম আদালতে সশরীর উপস্থিত হয়ে মাসুক উদ্দিনকে কারণ দর্শানোর জন্য নোটিশ দেওয়া হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.