Sylhet Today 24 PRINT

নিরাপত্তা চেয়ে রিটার্নিং অফিসারের কাছে জাপা প্রার্থী আহমদ রিয়াজের আবেদন

মৌলভীবাজার-১

নিজস্ব প্রতিবেদক |  ০৪ ডিসেম্বর, ২০২৩

মৌলভীবাজার-১ আসনের জাতীয় পার্টির (জাপা) মনোনীত প্রার্থী আহমদ রিয়াজ ব্যক্তিগত নিরাপত্তার জন্য জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে আবেদন করেছেন।

গত রবিবার (৩ ডিসেম্বর) তিনি মৌলভীবাজার জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার উর্মি বিনতে সালামের কাছে লিখিতভাবে এই আবেদন করেন।

আবেদনের বিষয়টি নিশ্চিত করে সোমবার (৪ ডিসেম্বর) জাতীয় পার্টির (জাপা) মনোনীত মৌলভীবাজার-১ আসনের প্রার্থী আহমদ রিয়াজ বলেন, ‘এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আশা করছি প্রশাসন নিরাপত্তার উদ্যোগ নেবে।’

নিরাপত্তা চেয়ে আহমদ রিয়াজের লিখিত আবেদনের সারসংক্ষেপ প্রতিবেদনে তুলে ধরা হয়েছে-

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির মনোনীত সংসদ সদস্য হিসেবে জাতীয় আসন ২৩৫ মৌলভীবাজার-০১ নির্বাচনী এলাকায় একজন বৈধ প্রার্থী হিসেবে জেলা নির্বাচন কার্যালয়ে এসে আমার ব্যক্তিগত নিরাপত্তার জন্য আবেদন করছি। দেশের একটি রাজনৈতিক দলের নেতাকর্মীরা নির্বাচন ঠেকানোর জন্য লাগাতার কর্মসূচী দিয়ে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় যে কোন সময় আমার প্রাণহানী ও যানমালের নিরাপত্তার অভাব ঘটতে পারে। যেহেতু আমার নির্বাচনী এলাকায় একজন প্রার্থী মাননীয় মন্ত্রী হিসেবে সার্বক্ষণিক ব্যক্তিগত নিরাপত্তা পেয়ে যাচ্ছেন। সেহেতু আমিও বিরোধীদলের একজন সংসদ সদস্য প্রার্থী হিসেবে আমার নিরাপত্তার অভাব অনুভব করছি। ইসি কর্তৃক সকল প্রার্থীর নিরাপত্তা দেওয়া হবে। এই ঘোষণার প্রতি শ্রদ্ধা রেখে আমিও আগামী ৭ জানুয়ারী নির্বাচন পূর্ব পর্যন্ত সার্বক্ষণিক নিরাপত্তা প্রদানের জন্য সবিনয় অনুরোধ করছি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.