Sylhet Today 24 PRINT

৩৩৮ থানার ওসি বদলির অনুমোদন ইসির

সিলেটটুডে ডেস্ক |  ০৭ ডিসেম্বর, ২০২৩

দেশের ৩৩৮ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) বদলির প্রস্তাবে অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার সাংবিধানিক সংস্থাটির পক্ষ থেকে এই অনুমতি দেয়া হয় বলে একটি সূত্র গণমাধ্যমকে নিশ্চিত করেছে।

এর আগে সারা দেশে সব থানার ওসিদের পর্যায়ক্রমে বদলির জন্য নির্বাচন কমিশন চিঠি দিয়েছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। তারই ধারাবাহিকতায় মন্ত্রণালয় থেকে প্রথম পর্যায়ে ৩৩৮ থানার ওসিকে বদলির তালিকা পাঠানো হয় ইসিতে।

বুধবার নির্বাচন কমিশনে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে চিঠি পাঠানো হয়। পরে বিষয়টি নিয়ে কমিশন বৈঠকে বসে। এতে যাচাই-বাছাই শেষে ওসি বদলির বিষয়ে সিদ্ধান্ত হয়।

ইসির অনুমতির পর এখন এসব ওসিকে বদলির আদেশ জারি করা হবে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে যেসব ওসি বর্তমান কর্মস্থলে ছয় মাসের বেশি সময় ধরে চাকরি করছেন প্রথমে তাদের ও পরে পর্যায়ক্রমে সারাদেশে ওসি বদলির নির্দেশ দেয় নির্বাচন কমিশন। মন্ত্রিপরিষদ সচিব ও আইজিপিকে চিঠি পাঠিয়ে ৫ ডিসেম্বরের মধ্যে ওসিদের বদলির প্রস্তাব ইসিতে পাঠাতে নির্দেশ দেওয়া হয়েছিল। পরে নির্বাচন কমিশন বদলির প্রস্তাব পাঠাতে আরও তিন দিন সময় বাড়ায়। সারাদেশে বর্তমানে ৬৫০টির বেশি থানা রয়েছে।

এর আগে গত সোমবার প্রথম পর্যায়ে দেশের আট বিভাগের ৪৭ ইউএনওকে বদলির প্রস্তাবে সম্মতি দেয় নির্বাচন কমিশন। তাদের মধ্যে ঢাকা বিভাগের ১৩ জন, চট্টগ্রাম বিভাগের ৮, বরিশাল বিভাগের ২, খুলনা বিভাগের ৪, ময়মনসিংহ বিভাগের ৬, সিলেট বিভাগের ৬, রাজশাহী বিভাগের ৬ ও রংপুর বিভাগের ২ জন রয়েছেন।

এবারের সংসদ নির্বাচনে ২৯ টি দল ও স্বতন্ত্র মিলে দুই হাজার ৭১৬ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। তার মধ্যে ১৯শ ৮৫ জনের প্রার্থিতা বৈধ ঘোষণা ও বাকি ৭৩১ জনের প্রার্থিতা বাতিল করে নির্বাচন কমিশন।

ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তে বাতিল হওয়া প্রার্থিতা কমিশনে আপিল দায়ের ও নিষ্পত্তি ৫ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তারা প্রতীক বরাদ্দ করবেন ১৮ ডিসেম্বর। নির্বাচনী প্রচার চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। আর ভোটগ্রহণ হবে ৭ জানুয়ারি (রোববার)।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.