Sylhet Today 24 PRINT

প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ

সিলেটটুডে ডেস্ক |  ১৭ ডিসেম্বর, ২০২৩

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন জমা দেওয়া বৈধ প্রার্থীদের প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ।

আজ মনোনয়ন প্রত্যাহার শেষে কাল সোমবার (১৮ ডিসেম্বর) চূড়ান্ত প্রার্থীদের বরাদ্দ হবে প্রতীক। তারপর আনুষ্ঠানিকভাবে শুরু হবে ভোটের প্রচারণা।

রোববার (১৭ ডিসেম্বর) সকালে ১০ টা থেকে বিকাল চারটা পর্যন্ত প্রার্থীরা চাইলে রিটার্নিং কর্মকর্তার কাছে আবেদন করে ইচ্ছুকরা প্রার্থিতা প্রত্যাহার করতে পারবে।

ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানিয়েছেন, ৩০০ আসনে মনোনয়নপত্র দাখিল হয়েছিল দুই হাজার ৭১৬টি। এর মধ্যে বাছাইয়ের সময় রিটার্নিং কর্মকর্তারা বাতিল করেছেন ৭৩১টি। আর রিটার্নিং কর্মকর্তাদের বাছাইয়ে বৈধ প্রার্থী ছিল এক হাজার ৯৮৫ জন।

ইসি সচিব মো. জাহাংগীর আলম বলেছেন, ৩৫ টি আপিল দায়ের হয়েছিল রিটার্নিং কর্মকর্তা কর্তৃক মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে। আর বাতিলের বিরুদ্ধে আপিল হয়েছিল ৫২৫টি, এই মোট ৫৬০টি আপিল দায়ের হয়েছিল।

তিনি বলেন, ছয়দিনে (১০ থেকে ১৫ ডিসেম্বর) আপিল শুনানিতে বাতিল আপিলের বিরুদ্ধে ২৮০টি আপিল আবেদন কমিশন মঞ্জুর করেছেন। অর্থাৎ ২৮০ জন প্রার্থিতা ফিরে পেয়েছেন। আর ৩৫টি গ্রহণ আপিল আবেদনের মধ্যে পাঁচটি মঞ্জুর বা পাঁচজনের প্রার্থিতা বাতিল হয়েছে, দু'টি আপিল আবেদন খারিজ করা হয়েছে, ২৮টি নামঞ্জুর করা হয়েছে। এই হিসেবে ইসিতে আপিল শুনানি শেষে মোট বৈধ প্রার্থী দাঁড়িয়েছে দুই হাজার ২৬০জন। তবে এটিই চুড়ান্ত সংখ্যা নয়।

ইসি কর্মকর্তারা জানিয়েছেন, ইতিমধ্যে হাইকোর্টে দু'টি বেঞ্চ গঠন করা হয়েছে। সেখানে ইসির সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে। এতে বৈধ প্রার্থীর সংখ্যা কমতে বা বাড়তে পারে।

তফসিল অনুযায়ী, আজ ১৭ ডিসেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময়। এদিন প্রার্থিতা প্রত্যাহার করে নিলেও মোট বৈধ প্রার্থীর সংখ্যা কমবে। ১৮ ডিসেম্বর চুড়ান্ত প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করা হবে। প্রতীক নিয়েই প্রার্থীরা ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত ভোটের প্রচার চালাতে পারবেন।  ৭ জানুয়ারি  হবে সংসদ নির্বাচনের ভোটগ্রহণ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.