Sylhet Today 24 PRINT

২৭ ডিসেম্বর ইশতেহার ঘোষণা করবে আওয়ামী লীগ

বাসস |  ১৮ ডিসেম্বর, ২০২৩

আগামী ২৭ ডিসেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ইশতেহার ঘোষণা করবে আওয়ামী লীগ।

দলের সভাপতি শেখ হাসিনা নির্বাচনী ইশতেহার ঘোষণা করবেন।

সোমবার (১৮ ডিসেম্বর) দুপুরে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, ‘আগামী ২৭ ডিসেম্বর আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হবে। ওইদিন দলের সভাপতি শেখ হাসিনা নির্বাচনী ইশতেহার ঘোষণা করবেন।’

নির্বাচনের আচরণবিধি মেনে চলা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে দলীয় নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘আগামী ২০ ডিসেম্বর সিলেটে প্রথম নির্বাচনী জনসভা করা হবে।’

সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, মির্জা আজম ও সুজিত রায় নন্দী, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, ধর্মবিষয়ক সম্পাদক সিরাজুল মোস্তফা, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক শামসুন্নাহার চাপা, কার্যনির্বাহী সদস্য সাহাবুদ্দিন ফরাজী, শফিকুল ইসলাম শফিক, মেরিনা জাহান কবিতা প্রমুখ উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.