Sylhet Today 24 PRINT

দুর্নীতি বন্ধকে প্রাধান্য দিয়ে জাপার নির্বাচনী ইশতেহার ঘোষণা

সিলেটটুডে ডেস্ক |  ২১ ডিসেম্বর, ২০২৩

দুর্নীতি বন্ধের বিষয়কে প্রাধান্য দিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী ইশতেহার ঘোষণা করছে জাতীয় পার্টি।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয় মিলনায়তনে দুপুর সোয়া ১২টার দিকে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু।

এবার জাতীয় পার্টির নির্বাচনী ইশতেহারে প্রাধান্য দেওয়া হয়েছে দুর্নীতি বন্ধের বিষয়টি। এছাড়াও কর্মমুখী শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির প্রতিশ্রুতি ইশতেহার প্রাধান্য দেওয়া হয়েছে।

উপজেলায় স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নের পাশাপাশি ক্ষমতায় গেলে নির্বাচন ব্যবস্থার পরিবর্তন করতে চায় দলটি। সেই সঙ্গে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও নবায়নযোগ্য জ্বালানি খাতে গুরুত্ব থাকছে। পাশাপাশি স্মার্ট বাংলাদেশ নির্মাণের রূপরেখা দেওয়া হচ্ছে এবারের ইশতেহারে।

গত ১৭ ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে এসে জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণের চূড়ান্ত ঘোষণা দেয়। এবার দলটি এককভাবে ২৮৭টি আসনে প্রার্থী দিলেও ২৬টি আসনে ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে তাদের সমঝোতা হয়েছে।

নির্বাচনী ইশতেহার ঘোষণায় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু ছাড়াও কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.