Sylhet Today 24 PRINT

কারচুপির চেষ্টা করা হলে ভোটগ্রহণ বন্ধ: সিইসি

সিলেটটুডে ডেস্ক |  ২৩ ডিসেম্বর, ২০২৩

ছবি : সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে একটা ভোটও কারচুপির চেষ্টা করা হলে ভোটগ্রহণ বন্ধ করে দেওয়া হবে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আওয়াল।

শনিবার (২৩ ডিসেম্বর) সকালে বরিশাল জেলার প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল বলেন, আচরণবিধি কঠোরভাবে নিয়ন্ত্রণের নির্দেশ দেয়া হয়েছে। একটা ভোটও কারচুপির চেষ্টা করা হলে ভোট বন্ধ করে দেওয়া হবে। নানা কারণে এবার ভোট নিয়ে বিতর্ক হয়েছে। বিভিন্ন দেশ কথা বলেছ, আমাদের দেশ নিয়ে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট করার দাবি আছে বিদেশিদের। প্রার্থীদের সহায়তায় জাতীয় নির্বাচন সফল করতে চাই।

কাজী হাবিবুল আউয়াল জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের বলেন, আপনাদের সহযোগিতা আমাদের লাগবে। আমরা হাতজোড় করে আপনাদের কাছে এই সহযোগিতা চাইতেছি। আপনারা সহযোগিতা করবেন। আপনারা সকলেই উঁচুমানের নেতা। গণতন্ত্র আমাদের চেয়ে আপনারা অনেক বেশি বুঝেন। স্বাধীনতা যুদ্ধে আপনারা অনেকেই মুক্তিযোদ্ধা হিসেবে অংশ নিয়েছিলেন।

নির্বাচন কমিশনার বলেন, নানা কারণে নির্বাচন নিয়ে বিতর্ক হয়েছে। বিভিন্ন দেশের প্রতিনিধিরাও এ নিয়ে কথা বলেন। আমাদের সঙ্গেও বৈঠক হয়েছে। তাদেরও চাওয়া অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন। প্রচারনার সময় কিছু অপ্রত্যাশিত ঘটনা ঘটে। নির্বাচন কমিশন থেকে এগুলো নিয়ন্ত্রণ করতে কঠোর নির্দেশনা দেয়া হয়েছে।

এসময় নির্বাচন কমিশনের সচিব, বরিশালের বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, নির্বাচন কমিশনের স্থানীয় পর্যায়ের কর্মকর্তা এবং প্রার্থীরা উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.