Sylhet Today 24 PRINT

আতিকের ২১ গরু দিয়ে ভূরিভোজ কী লাঙ্গলে ভোট টানতে পারবে?

সিলেট-৩ আসন: অ্যাকশনে যাচ্ছে ইসি

নিজস্ব প্রতিবেদক |  ২৪ ডিসেম্বর, ২০২৩

সিলেটের মোগলাবাজারের জাহানপুর গ্রামে মতবিনিময় সভা ডেকে ভূরিভোজের ব্যবস্থা করেন সিলেট-৩ আসনের জাতীয় পার্টির প্রার্থী আতিকুর রহমান।

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে সিলেট-৩ (দক্ষিণ সুরমা-ফেঞ্চুগঞ্জ-বালাগঞ্জ একাংশ) আসনের জাতীয় পার্টির (জাপা) প্রার্থী আতিকুর রহমান মতবিনিময় সভা ডেকে এলাকাবাসীকে ভূরিভোজ করিয়েছেন। গত বৃহস্পতিবার দুপুরে সিলেটের দক্ষিণ সুরমার মোগলাবাজার এলাকার জাহানপুরে ২১টি গরু জবাই করে ভূরিভোজের ব্যবস্থা করেন তিনি।

লাঙ্গলে ভোট টানতে তার এই ভূরিভোজ কী কাজে আসবে এমনটি নিয়ে আলোচনা-সমালোচনা হচ্ছে স্থানীয়ভাবে।

সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা ২০০৮-এর ১০(চ) বিধিতে বলা হয়েছে, কোনো রাজনৈতিক দল বা মনোনীত ব্যক্তি বা স্বতন্ত্র প্রার্থী বা তাদের পক্ষে কোনো ব্যক্তি নির্বাচনী ক্যাম্পে ভোটারদের কোনো ধরনের কোমল পানীয় বা খাদ্য পরিবেশন বা কোনো ধরনের উপঢৌকন প্রদান করতে পারবেন না।

এদিকে প্রার্থীর ভূরিভোজের এই ঘটনায় ইসি থেকে শুরু করে স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা নড়েচড়ে বসেছেন।

সহকারী রিটার্নিং অফিসার ও দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী কর্মকর্তা ঊষা রায় জানিয়েছেন, বিধি অনুযায়ী ওই প্রার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে দক্ষিণ সুরমার মোগলাবাজার জাপার সভাপতিমণ্ডলীর সদস্য আতিকুর রহমানের গ্রামের বাড়িতে শামিয়ানা টাঙিয়ে নির্বাচনী মতবিনিময় সভার আয়োজন করা হয়। সেখানে নিজ এলাকাসহ নির্বাচনী এলাকার কয়েক হাজার মানুষকে ভূরিভোজ করান। সভায় বক্তব্য দিয়ে জাপার প্রার্থী আগামী ৭ জানুয়ারি নির্বাচনে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহ্বানও জানান।

এ বিষয়ে জাপার প্রার্থী আতিকুর রহমানের মোবাইল ফোন নম্বরে যোগাযোগ করা হলে সেটি বন্ধ পাওয়া যায়।

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঊষা রায় বলেন, বিষয়টি তিনি জানতেন না। এ ব্যাপারে তিনি খোঁজখবর নিচ্ছেন। বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

সিলেট-৩ আসনে জাপার প্রার্থী ছাড়াও আওয়ামী লীগের প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য হাবিবুর রহমান, স্বতন্ত্র প্রার্থী ইহতেশামুল হক চৌধুরী, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রার্থী শেখ জাহেদুল রহমান মাসুম, ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী আনোয়ার হোসেন আফরোজ ও ইসলামী ঐক্যজোটের প্রার্থী মো. মইনুল ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.