Sylhet Today 24 PRINT

সিলেটে নির্বাচন বর্জনের হুমকি ইসলামী ঐক্যজোটের ৯ প্রার্থীর

নিজস্ব প্রতিবেদক |  ০৪ জানুয়ারী, ২০২৪

নির্বাচনে মিনার প্রতীকের প্রচার-প্রচারণায় নৌকার কর্মী-সমর্থকদের বিরুদ্ধে বাধা দেয়া, হয়রানি ও হুমকি-ধমকি দেয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

এমন অভিযোগে সিলেট বিভাগের ৯টি আসনে নির্বাচন বর্জনের হুমকি দিয়েছেন ইসলামী ঐক্যজোটের বিভাগীয় সমন্বয়কারী, মৌলভীবাজার জেলা শাখার সভাপতি ও মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের এমপি প্রার্থী মাওলানা আছলাম হোছাইন রহমানী।

এক বিবৃতিতে মাওলানা আছলাম হোছাইন রহমানী বলেন, আমরা যখন মিনার প্রতীকের মিছিল বের করি, তখন বিভিন্ন স্থানে নৌকা প্রতীকের কর্মী-সমর্থকরা মিছিলের মধ্যে প্রবেশ করে নৌকা-নৌকা বলে শ্লোগান দেয়। আমাদের উঠান বৈঠক বা পথসভা চলাকালেও নৌকার প্রচারের গাড়ি আমাদের সভার সমানে দাঁড়িয়ে তাদের প্রচারণা চালায়। আমরা বাধা দিলেও তারা শোনে না।

তিনি বলেন, আমরা শঙ্কিত ও হতাশাগ্রস্ত। যেভাবে আমাদের নির্বাচনী প্রচারকাজে বাধা দেয়া হচ্ছে, তাতে আমি আশঙ্কা করছি নির্বাচনের দিন আমাদের কর্মী-সমর্থক, ভক্ত ও ভোটারদের ভোটকেন্দ্রে যেতে বাধা প্রদান করা হতে পারে। আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।

তিনি বলেন, আমাদেরকে নির্বিঘ্নে প্রচার-প্রচারণার সুযোগ দেয়া না হলে আমি আনুষ্ঠানিকভাবে যে কোন মুহূর্তে নির্বাচন বর্জনের ঘোষণা দেবো। পরিস্থিতির উন্নয়ন না ঘটলে আনুষ্ঠানিকভাবে পুরো বিভাগে নির্বাচন বর্জনের ঘোষণা দেয়া হবে বলে বিবৃতিতে উল্লেখ করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.