মৌলভীবাজার প্রতিনিধি | ০৭ জানুয়ারী, ২০২৪
মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের তৃণমূল বিএনপির প্রার্থী আনোয়ার হোসেন মঞ্জু ভোটারদের উদ্দেশ্যে বলেছেন, ‘আপনারা কেউ বিভ্রান্ত হবেন না। আমি শেষ পর্যন্ত ভোটের মাঠে আছি। যদি ভোট সুষ্ঠু না হয়, তখন ফলাফল প্রত্যাখ্যান করব।’
শনিবার (৬ জানুয়ারি) রাতে একটি অনলাইন পোর্টালের ফেসবুক পেজে দেওয়া স্বাক্ষাতকারে মঞ্জু এসব কথা বলেন।
আনোয়ার হোসেন মঞ্জু বলেন, ‘আমাদের আরেক ভাই জাতীয় পার্টির প্রার্থী ভোট থেকে সরে গেছেন। এটা আমাকে ব্যতিত করেছে। তিনি মাঠে থাকায় অনেক জমেছিল ভোট। উৎসাহ ছিল ভোটের মাঠে। তিনি সরে গেছেন, কিছু করার নেই। আমি তৃণমূল বিএনপি থেকে দাঁড়িয়েছি। আমার মার্কা হচ্ছে সোনালী আঁশ।’
‘বড়লেখা-জুড়ীর মানুষের কাছে আমার আকুল আবেদন আপনারা আমাকে কাজে লাগান। আমি আওয়ামী লীগ সরকারের আমলে অনেক জুলুম নির্যাতনের শিকার হয়েছি। সবার পায়ে ধরে বলছি আপনারা ভোট কেন্দ্রে আসুন, আমাকে বিজয়ী করুন। আমি নির্বাচিত হলে নির্যাতিন নীপিড়িত মানুষের পক্ষে কাজ করব।’
মঞ্জু বলেন, ‘আমি আওয়ামী লীগের চর হয়ে এখানে আসি নাই। অনেকে মনে করতেন পারেন আমাকে কেউ দাঁড়া করিয়েছে। আমি পরিষ্কার ভাষায় বলতে চাই। আমি মঞ্জু এখানে এখাই দাঁড়িয়েছি।
‘কারণ আমি বিগত ১৫ বছর আওয়ামী দুঃশাসনের শিকার হয়ে অনেক মামলার আসামি। তার প্রতিবাদ করতেই ভোটে দাঁড়িয়েছি। সবার কাছে সর্বশেষ অনুরোধ। ভোটে আসুন, ভোট নিরপেক্ষ হবে। জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী। আমাকে আপনারা জয়ী করুন।’