Sylhet Today 24 PRINT

ভোটের দিনে বিএনপির হরতাল \'ঢংঢাং\': ড. মোমেন

নিজস্ব প্রতিবেদক |  ০৭ জানুয়ারী, ২০২৪

ভোটের দিন বিএনপির ডাকা হরতালকে ঢংঢাং আখ্যায়িত করে পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের আওয়ামী লীগের প্রার্থী ড. একে আব্দুল মোমেন বলেন, আজ ভোট। আজ ছুটির দিন, উৎসবের দিন। আজ কিসের হরতাল। এসব বিএনপির ঢংঢাং। কেবল মিডিয়ায় বলার জন্য কর্মসূচি দেয়া। বাস্তবে হরতাল বলতে কিছু নেই।

রোববার সকাল ১০ টায় নগরের বন্দরবাজার এলাকার দূর্গাকুমার পাঠশালা এলাকায় ভোট প্রদান করেন তিনি। এরপর সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি।

এসময় মোমেন বলেন, এবার ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ বিরাজ করছে। তরুণ ভোটাররা ভোট দিতে আসবেন বলে আমাদের বিশ্বাস। তাছাড়া সিলেটে মানুষজন ভোট দিতে আগ্রহী। গত সিটি নির্বাচনেও ৪৬ শতাংশ ভোট পড়েছে। আমেরিকার নির্বাচনেও এতো ভোট পড়ে না। সুতরাং নট ব্যাড।

তবে তিনদিনের ছুটির কারণে ভোটার উপস্থিতিতে কিছুটা প্রভাব ফেলতে পারে জানিয়ে তিনি বলেন, আমাদের তরুণ প্রজন্মের লোকজন যাদের কিছু টাকা পয়সা আছে তারা এরকম ছুটি পেলে পরিবার নিয়ে ঘুরতে চলে যান। এই ছুটিতেও অনেকে ঘুরতে চলে যেতে পারেন। তবে তা খুব একটা প্রভাব ফেলবে না।

এসময় তিনি ভোটারদের নৌকা মার্কায় ভোট দেয়ার আহ্বান জানিয়ে বলেন, আমাদের দল শান্তি, স্থায়িত্ব ও উন্নয়নের পক্ষে। আমাদের দলে ভোট দিলে দেশের উন্নয়ন ও মঙ্গল হয়। দেশের গৌরব চারদিকে ছড়িয়ে পড়ে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.