Sylhet Today 24 PRINT

জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী এম এ মান্নান

ইয়াকুব শাহরিয়ার, শান্তিগঞ্জ |  ০৭ জানুয়ারী, ২০২৪

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, আমি আমার কেন্দ্রে এসে শান্তিপূর্ণভাবে ভোট প্রদান করেছি। জয়ের ব্যাপারে আমরা শতভাগ আশাবাদী। বিএনপি একটি নিবন্ধিত রাজনৈতিক দল। তারা যদি পরিবর্তন চায় তাহলে নির্বাচনে এসে জনরায় নিয়ে সংসদে গিয়ে বৈধভাবে এটি পরিবর্তন করতে পারতো। কিন্তু তারা সেটা না করে ভোটের পরিবেশ অশান্ত করছে। গাড়িতে ঢিঁল মারছে, ভাংচুর করছে, অগ্নিসন্ত্রাস করছে। অসহযোগ নামে তারা যেটা ব্যবহার করছেন আমি মনে করি এটি গ্রহণযোগ্য নয়। ব্যক্তিগতভাবে আমি এর প্রতিবাদ করি।

ভোটের দিন রোববার (৭ জানুয়ারি) সকাল ৯ টায় শান্তিগঞ্জের ডুংরিয়া হাইস্কুল এন্ড কলেজ কেন্দ্রে ভোট প্রদান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মন্ত্রী মান্নান।

‘স্যাংশন’ ইস্যুতে তিনি বলেন, বিদেশিরা কি করবে না করবে এটা তাদের ব্যাপার। যখন তারা স্যাংশন দিবে তখন আমরা মোকাবিলা করবো। আগেভাগে ভয় পেয়ে হাত পা গুটিয়ে বসে থাকবো না। যদি স্যাংশান দিতে চায় দিবে, সেটা মোকাবিলা করারও পথ আছে। এগুলো আগে আলোচনার বিষয় নয়। তবে সাবধান থাকা ভালো। নির্বাচন সুষ্ঠু হবে কি না এমন প্রশ্নে মন্ত্রী বলেন, নির্বাচন খুবই সুষ্ঠু হবে।

এরপর শান্তিগঞ্জ ও জগন্নাথপুর উপজেলার  বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেন তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.