Sylhet Today 24 PRINT

নির্বাচন বর্জনের ঘোষণা ইয়াহইয়া-মুহিব-রব-মোকাব্বির খানের

সিলেট-২

নিজস্ব প্রতিবেদক |  ০৭ জানুয়ারী, ২০২৪

সিলেট-২ আসনে আওয়ামী লীগ প্রার্থী ও তার সমর্থকরা কেন্দ্র দখল করে ভোটচুরি করছেন অভিযোগ তুলে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন ৪ প্রার্থী। তারা হলেন জাতীয় পার্টির প্রার্থী ইয়াহইয়া চৌধুরী, গণফোরামের প্রার্থী মোকাব্বির খান, স্বতন্ত্র প্রার্থী মুহিবুর রহমান ও তৃণমূল বিএনপির আব্দুর রব মল্লিক।

তারা জানান, দুপুর দুইটায় সংবাদ সম্মেলনের মাধ্যমে চূড়ান্ত ঘোষণা দিবেন তারা।

ইয়াহইয়া চৌধুরী বলেন, বিভিন্ন কেন্দ্রে নৌকার কর্মীরা আমার এজেন্টদের বের করে দিয়েছে, জাল ভোট দিচ্ছে। এ ব্যাপারে পুলিশ কিংবা প্রিজাইডিং অফিসার কোনো ব্যবস্থা নিচ্ছেন না বরং লিখিত অভিযোগ দিতে বলছেন। এমনকি একটি কেন্দ্রে ভোটগ্রহন সাময়িক বন্ধ রাখার পর নৌকার প্রার্থী এসে ভোটগ্রহণ শুরু করে দেন। এ অবস্থায় নির্বাচনে থাকা সম্ভব না, তাই আমি প্রত্যাহার করছি।'

মোকাব্বির খান বলেন, 'যেভাবে জোর করে আমার ও অন্য দুইজন প্রার্থীর এজেন্টদের বের করে দিয়ে ভোটকেন্দ্রের নিয়ন্ত্রণ নেয়া হচ্ছে, এর পরে নির্বাচনে থাকা যায় না। আমি নির্বাচন বর্জন করছি এবং দ্রুত প্রেস কনফারেন্স করে বিস্তারিত জানাবো।'

মুহিবুর রহমান বলেন, 'জাতীয় পার্টির এমপিকে রীতিমতো জিম্মি করে নৌকার প্রার্থী টেবিল কাস্টিং করেছেন। আমি আরও কিছুক্ষণ পর্যবেক্ষণ করবো, আমিও বর্জনের দিকেই যাচ্ছি।'

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.