Sylhet Today 24 PRINT

পিয়া জান্নাতুলের হাসিতে মজেছেন নেটিজেনরা

সিলেটটুডে ডেস্ক |  ২৮ এপ্রিল, ২০২৪

ব্যারিস্টার সায়েদুল হক সুমন এমপির সহযোগী আইনজীবী পিয়া জান্নাতুলের মুচকি হাসিতে নড়েচড়ে বসেছে নেটিজেনরা। পিয়া একাধরে তিনি মডেল, অভিনেত্রী ও আইনজীবী।

সম্প্রতি সৈয়দ সায়েদুল হক সুমন বিভিন্ন ইস্যুতে গণমাধ্যমকে কথা বলছিলেন, সহকর্মী হিসাবে পাশেই ছিলেন আইনজীবী প্রিয়া। সেখানে তার মুচকি হাসিতে ঘায়েল নেটিজেনরা। ভিডিও ক্লিপটি নিয়ে বানানো হচ্ছে রিলস, মিম আর ভিডিও।

যাকে নিয়ে এতো হইচই, তার কানেও গিয়েছে বিষয়টি। তিনি বিষয়টি যে উপভোগ করেছেন তার প্রমাণ মিলল ফেসবুক টাইমলাইনে। তিনি প্রোফাইলে সেটে দিয়েছেন মুচকি হাসির সেই ছবিটি। 

গণমাধ্যমে দেওয়া এক প্রতিক্রিয়ায় অভিনেত্রী বলেন, ‘আমি স্রোতে গা ভাসিয়ে দিচ্ছি না। কারণ, আমি বুঝি, যারা দুই সেকেন্ডে ওপরে ওঠাতে পারে, তারা পরে এক সেকেন্ডেই নামিয়ে ফেলতে পারে।’

এ প্রসঙ্গে পিয়া বলেন, ‘আমি বুঝতে পেরেছি, যারা কনটেন্ট বা রিলস তৈরি করছেন, বেশির ভাগই তরুণ-যুবক। তাদের আসলে জীবনে এখনো অনেক কিছু দেখার বাকি আছে। আসলে এগুলো ট্রেন্ডের মাধ্যমে যাচ্ছে, যখন যে ট্রেন্ড আসে, সেটাকেই অনুসরণ করে। এটাতে দোষের কিছু দেখছি না।’

প্রসঙ্গত, ২০০৭ সালে ‘মিস বাংলাদেশ’ খেতাব জিতে আলোচনায় আসেন পিয়া জান্নাতুল। এরপর ২০০৮ সাল থেকে র‍্যাম্প মডেলিং দিয়ে তার কর্মজীবন শুরু। পরবর্তীতে ২০১১ সালে দক্ষিণ কোরিয়ায় আয়োজিত ওয়ার্ল্ড মিস ইউনিভার্সিটি শিরোপা অর্জন করেন। এ ছাড়া মিশরে অনুষ্ঠিত ওয়ার্ল্ড টপ মডেল প্রতিযোগিতায় শীর্ষ মডেল হওয়ারও সাফল্য অর্জন করেন।

২০১২ সালে শুরু হয় নতুন জার্নি। ‘চোরাবালি’ চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্র জগতে পদার্পণ করেন পিয়া। অভিনয় করেছেন অসংখ্য টেলিভিশন নাটকেও। পাশাপাশি উপস্থাপনার জন্যও বেশ জনপ্রিয় তিনি। ২০১৭ ও ২০১৮ সালে বিপিএল এবং পরবর্তীতে আইসিসি ২০১৯ ক্রিকেট বিশ্বকাপেও লন্ডনের মাঠে তাকে দেখা গেছে উপস্থাপনা করতে।

এ ছাড়া প্রথম বাংলাদেশি হিসেবে বিশ্বখ্যাত ‘ভোগ’ সাময়িকীর (ভারত সংস্করণ) প্রচ্ছদেরও মডেল হন পিয়া।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.