Sylhet Today 24 PRINT

তাকে নিয়ে গুজব ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানালেন আজহারি

সিলেটটুডে ডেস্ক |  ১২ অক্টোবর, ২০২৪

অযথা গুজব ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন মাওলানা মিজানুর রহমান আজহারি।

শনিবার (১২ অক্টোবর) বাংলাদেশ সময় সকাল ৬টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে পোস্ট করে এ আহ্বান জানান তিনি।

মিজানুর রহমান আজহারি ফেসবুক পোস্টে লিখেন, 'মালয়েশিয়ায় ইমিগ্রেশন পয়েন্টে ভেরিফিকেশনে একটু সময় নিয়েছিল। আমি ঠিক আছি। অযথা গুজব ছড়ানো থেকে বিরত থাকুন।'

এর আগে শুক্রবার (১১ অক্টোবর) স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে ফ্লাইট থেকে নামার পর মালয়েশিয়ায় প্রবেশকালে বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশের জেরার মুখে পড়েন মিজানুর রহমান আজহারি। তাকে আলাদা কক্ষে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

এ তথ্য নিশ্চিত করেছেন তার ব্যক্তিগত সহকারী মো. মুরাদ।

এর আগে, শুক্রবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুকে এক দীর্ঘ পোস্ট দিয়ে দেশ ছাড়ার ঘোষণা দেন ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারি।

ফেসবুকে তিনি লেখেন, দীর্ঘ পাঁচ বছর পর সংক্ষিপ্ত সফরে দেশে এসেছিলাম। বেশিরভাগ সময় পরিবারের সাথেই কাটিয়েছি। এরই মাঝে বিভিন্ন ঘরানার আলিম-ওলামা ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে একটি ক্লোজ মিট-আপ প্রোগ্রাম করেছিলাম। আলহামদুলিল্লাহ, সত্যিই সে-দিনটি বেশ উপভোগ্য ছিল। তবে শর্ট নোটিশে প্রোগ্রামটি আয়োজনের কারণে অনেক প্রিয় ভাই আসতে পারেননি। আবার কিছুটা তাড়াহুড়ো করে দাওয়াত দেয়ার কারণে, বেখেয়ালবশত অনেকে বাদ পড়েছেন। আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। পরবর্তীতে সবার সাথে সাক্ষাতের প্রত্যাশা রইলো।

আজহারি লেখেন, আজ মালয়েশিয়া চলে যাচ্ছি। মাস খানেক পর আবারও দেশে ফিরবো ইনশাআল্লাহ। তখন আইনশৃঙ্খলা, জননিরাপত্তা, প্রটোকল, লোকেশন সিলেকশন, শ্রোতা ধারণ ক্ষমতা, অর্গানাইজিং ক্যাপাসিটিসহ সবকিছু অনুকূল হলে, দেশজুড়ে বিভাগীয় পর্যায়ে হয়ত কয়েকটি প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারি। তবে, সব কিছুই নির্ভর করবে উপযুক্ত পরিবেশ ও পরিস্থিতির ওপর।

দীর্ঘ সাড়ে চার বছর পর সম্প্রতি মালয়েশিয়া থেকে দেশে ফেরেন এই ইসলামি বক্তা। তবে, কয়েকদিনের মাথায় শুক্রবার ফের দেশ ছেড়ে মালয়েশিয়া চলে যান তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.