Sylhet Today 24 PRINT

আর মব করলে ‘ডেভিল’ হিসাবে ট্রিট করা হবে: মাহফুজ আলম

সিলটেটুডে ডেস্ক |  ১০ ফেব্রুয়ারী, ২০২৫

একুশে বইমেলায় ভারতে নির্বাসিত বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিনের ‘চুম্বন’ বই রাখা ও বিক্রির অভিযোগে ‘সব্যসাচী’ নামে একটি স্টলে ভাঙচুর করেছেন বিক্ষুব্ধরা। সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে ঘটনাটি ঘটে।

রাত সাড়ে ৮টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘অভ্যুত্থানের পক্ষে হলে মব করা বন্ধ করেন’ শীর্ষক একটি পোস্ট করেছেন অন্তর্র্বতী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম।

পোস্টটি বইমেলার ঘটনাকে কেন্দ্র করে দেওয়া কিনা, সেটি স্পষ্ট নয়। তবে উপদেষ্টা পোস্টটিতে বলেছেন, ‘অভ্যুত্থানের পক্ষে হলে মব করা বন্ধ করেন, আর যদি মব করেন, তাইলে আপনাদেরও ডেভিল হিসাবে ট্রিট করা হবে। আজকের ঘটনার পর আর কোন অনুরোধ করা হবে না। আপনাদের কাজ না আইন নিজের হাতে তুলে নেয়া।

কথিত আন্দোলন আর মবের মহড়া আমরা এখন থেকে শক্ত হাতে মোকাবেলা করব। রাষ্ট্রকে অকার্যকর  এবং ব্যর্থ প্রমাণের চেষ্টা করা হলে একবিন্দু ছাড় দেয়া হবে না।

তৌহিদী জনতা! আপনারা দেড় দশক পরে শান্তিতে ধর্ম ও সংস্কৃতি পালনের সুযোগ পেয়েছেন। আপনাদের আহমকি কিংবা উগ্রতা আপনাদের সে শান্তি বিনষ্টের কারণ হতে যাচ্ছে।

জুলুম করা থেকে বিরত থাকেন, নইলে আপনাদের উপর জুলুম অবধারিত হবে। লা তাযলিমুনা ওলা তুযলামুনা- যুলুম করবেন না, যুলুমের শিকার ও হবেন না। এটাই আপনাদের কাছে শেষ অনুরোধ!’

উল্লেখ্য, বইমেলায় ভারতে নির্বাসিত বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিনের বই বিক্রির অভিযোগে কিছু লোকজনের একটি স্টলে ভাঙচুর করার সংবাদ পাওয়া যায়। সন্ধ্যার দিকে এই ভাঙচুরের ঘটনা ঘটে মেলায়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.