Sylhet Today 24 PRINT

‘আমি গৃহবন্দি’, ফেসবুকে জেডআই খান পান্না

সিলেটটুডে ডেস্ক |  ১৫ আগস্ট, ২০২৫

নিজের অবস্থান জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়েছেন সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী জেডআই খান পান্না।

শুক্রবার (১৫ আগস্ট) সংক্ষিপ্ত স্ট্যাটাসে দুপুর বারোটার দিকে জেডআই খান পান্না লিখেন, ‘আমি গৃহবন্দি। অ্যারেস্ট বা গ্রেপ্তার হইনি। তারপরও গৃহবন্দি।’

এদিকে তিনি কী কারণে বা কারা তাকে গৃহবন্দি করে রেখেছেন- সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি। তবে তার এই স্ট্যাটাস সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

সম্প্রতি বিভিন্ন সময়ে দুর্নীতি, মানবাধিকার লঙ্ঘন ও বিচারব্যবস্থার স্বাধীনতা নিয়ে স্পষ্ট অবস্থান নিয়েছেন জেডআই খান পান্না। মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি রোধ ও মুক্তিযোদ্ধাদের সম্মান রক্ষার দাবিতে ‘মঞ্চ ৭১’ নামে একটি নতুন প্ল্যাটফর্মের ঘোষণা দিয়েছেন তিনি।

এ ছাড়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে চলমান মামলায় গত ১৩ আগস্ট জেডআই খান পান্না রাষ্ট্র নিযুক্ত আইনজীবী হতে চাওয়ার আবেদন করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, কিন্তু তা নাকচ করে দেওয়া হয়।

সন্ধ্যা পৌনে সাতটার দিকে জেডআই খান পান্না আরও এক স্ট্যাটাসে লেখেন: আমি অসুস্থ হয়ে বাসায়। নজরদারিতে নেই। আমার সন্তানের চাপে আছি।

এর আগে বেলা তিনটার দিকে এই প্রবীণ আইনজীবী ভারতের সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর মন্তব্য সম্বলিত একটা ফটোকার্ড শেয়ার করেন, যেখানে লেখা ছিল: যাদের নেতৃত্বে ভারত স্বাধীনতা পেয়েছে, বঙ্গবন্ধু তাদের চেয়েও বড় নেতা। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.