Sylhet Today 24 PRINT

হঠাৎ উধাও ভাইরাল তাজুর ফেসবুক পেজ ‘তাজু ভাই ২.০’

সিলেটটুডে ডেস্ক |  ০৫ এপ্রিল, ২০২৬

নিজ এলাকার সমস্যা তুলে ধরে ব্যতিক্রমী কনটেন্ট তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় আসা কুড়িগ্রামের তাইজুল ইসলাম তাজুর ফেসবুক পেজ ‘তাজু ভাই ২.০’ হঠাৎ করেই খুঁজে পাওয়া যাচ্ছে না।

রোববার (৫ এপ্রিল) দুপুরের পর থেকে এক মিলিয়নের (১০ লাখ) বেশি ফলোয়ার থাকা পেজটি অদৃশ্য হয়ে যায়।

তাইজুল ইসলামের সহযোগী শাহ আলম হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, এটি প্রযুক্তিগত সমস্যার কারণেও হতে পারে। তিনি আশা প্রকাশ করেন, স্বল্প সময়ের মধ্যেই পেজটি পুনরায় চালু হবে।

জানা গেছে, মাত্র ১০ হাজারের কম ফলোয়ার নিয়ে গত ২৮ মার্চ আকস্মিকভাবে ভাইরাল হন তাজুল ইসলাম। ২৬ মার্চ স্বাধীনতা দিবসে চরনারায়ণপুরের একটি স্থানীয় বাজারে ‘সরকারি রেটে জিলাপি বিক্রি হচ্ছে’ শিরোনামে একটি ভিডিও প্রকাশ করেন তিনি। ভিন্নধর্মী উপস্থাপনা ও কথা বলার ভঙ্গির কারণে ভিডিওটি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। শুরুতে ট্রল হলেও পরে তা প্রশংসায় রূপ নেয়।

প্রত্যন্ত চরাঞ্চলের একজন দিনমজুর হয়েও স্থানীয় মানুষের নানা সমস্যাকে তুলে ধরে তৈরি করা তাইজুল ইসলামের একাধিক ভিডিও ব্যাপক সাড়া ফেলে। অল্প সময়ের মধ্যেই তার পেজের ফলোয়ার সংখ্যা এক মিলিয়নের ঘর ছাড়িয়ে যায়। তবে হঠাৎ করে পেজটি অদৃশ্য হয়ে যায়।

এ বিষয়ে তাইজুল ইসলামের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

স্থানীয় ইউপি সদস্য কবিরুল ইসলাম বলেন, অল্প সময়ে পেজটিতে বিপুল ফলোয়ার ও ভিউ বাড়ায় মেটা কর্তৃপক্ষ যাচাই-বাছাইয়ের অংশ হিসেবে সাময়িকভাবে পেজটি অদৃশ্য করে থাকতে পারে। আশা করছি, অল্প সময়ের মধ্যেই পেজটি স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.