Sylhet Today 24 PRINT

রবীন্দ্রনাথ কেন এ করেননি, ঐ করেননি- এসবই মুসলিম সমাজের জড়তা আর হীনম্মন্যতার পরিচায়ক: মাহফুজ আলম

সিলেটটুডে ডেস্ক |  ০৮ মে, ২০২৬

শুক্রবার ছিলো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মজয়ন্তী। এই দিনে রবীন্দ্রনাথকে শ্রদ্ধা জানিয়ে ফেসবুকে একটি পোস্ট দেন সাবেক অন্তবর্তী সরকারের তথ্য উপদেষ্টা ও জুলাই আন্দোলনের অন্যতম ছাত্রনেতা মাহফুজ আলম।

এতে তিনি লেখেন- ‘মুসলিম সমাজের জড়তা-স্থবিরতার অপরপাশে সৃজনশীল ও উদ্যোগী রবীন্দ্রনাথ এজন্য ছায়া ফেলেছেন মুসলিম সমাজের মনেও। ’

মাহফুজ আলমের পোস্টটি হুবুহু তুলে ধরা হলো-

রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য যতটা পড়েছি, তারচে বেশি পড়েছি তাঁর প্রতিষ্ঠিত সাময়িকপত্র , বিশ্বভারতী ও শান্তিনিকেতনসহ নানা উদ্যোগ নিয়ে। সেখানে ব্রাহ্ম রবীন্দ্রনাথ, উপনিষদীয় অথচ আধুনিক রবীন্দ্রনাথের দেখা মিলে। ঔপনিবেশিক আধুনিকতা আর ভারত সভ্যতার প্রতি নিষ্ঠা দুই মিলে রবীন্দ্রনাথ তাঁর চিন্তাবিশ্ব সাজিয়েছেন।

মুসলিম সমাজের জড়তা-স্থবিরতার অপরপাশে সৃজনশীল ও উদ্যোগী রবীন্দ্রনাথ এজন্য ছায়া ফেলেছেন মুসলিম সমাজের মনেও।

ফলে, রবিঠাকুরের 'অপর' সে মুসলিম কবি-সাহিত্যিক বর্গ কখনো সন্ধি করেছেন আবার কখনো তর্ক করেছেন। সেসব তর্ক স্থানচ্যুত হিসাবে দেখার ফলে রবিঠাকুরের আধুনিকতা ও ভারত সভ্যতার সম্মিলন ঘটানোর শক্তি দেখার বদলে মুসলিম সমাজ অনেক সময় ব্যয় করেছে নেতিবাচক চিত্তবিহারে।

রবীন্দ্রনাথ ঠাকুর কেন এ করেননি, ঐ করেননি- এসবই মুসলিম সমাজের জড়তা-স্থবিরতা আর হীনম্মন্যতার পরিচায়ক। বরং, আজও এ প্রশ্ন রয়ে যায় যে, বাঙ্গালি মুসলমানের ঘরে এ উদ্যোগী ও 'ব্যক্তি' হয়ে ওঠার সাধকের দেখা মিললে তাঁকেও কি 'কাফের' ফতোয়া দেয়া হবে? তাঁকেও কি নবাবদের দরবারে গিয়ে ক্ষমাভিক্ষা করতে হবে?

পুনশ্চঃ রবিঠাকুরের কালপর্বেই মুসলিম উদ্যোক্তা-রাজনৈতিক মধ্যবিত্ত বর্গের উন্মেষ ঘটেছে। তাঁর চোখের সামনেই শেরে বাংলা ক্ষমতাসীন হয়েছেন। জমিদার রবীন্দ্রনাথ ঠাকুরের সামনে নিম্মবর্গ ও প্রজা মুসলমানের সে উন্মেষ কিভাবে প্রতিক্রিয়াশীল বর্গের কাছে পাকিস্তান আমলে পরাস্ত হলো এবং সে সাহিত্যিক-সামাজিক-রাজনৈতিক উন্মেষ কিভাবে একটা চরম জাতীয়তাবাদী চিন্তায় আবদ্ধ হয়ে গেল- সেসব তর্ক কার্পেটের তলে ফেলে দিলেই নাই হয়ে যাবে না। বারবার ইতিহাসের নানা বাঁকে সেসব প্রশ্নই সামনে চলে আসবে।

উদ্যোক্তা ও আধুনিক 'ব্যক্তি' রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে শ্রদ্ধা রইল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.