Sylhet Today 24 PRINT

‘গাঁজা সেবন না করলে’ নাসীরুদ্দীন পাটওয়ারী হওয়া যায় না: রাশেদ খান

সিলেটটুডে ডেস্ক |  ১৪ মে, ২০২৬

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর দ্রুত ডোপ টেস্ট ও চিকিৎসার দাবি জানিয়েছেন বিএনপি নেতা ও গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খান।

বুধবার (১৩ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড  আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

রাশেদ খান বলেন, ‘গাঁজা সেবন না করলে নাসীরুদ্দীন পাটওয়ারী হওয়া যায় না। অতীতে সে জামায়াতে ইসলামীকে গালিগালাজ করেছে। এখন জামায়াতের সঙ্গে মিতালি করে বিএনপিকে গালিগালাজ করছে।’

তিনি উল্লেখ করেন, ‘নাসীরুদ্দীন পাটওয়ারী জামায়াতে ইসলামীকে বলেছে, (১) জামায়াতে ইসলামী ভারতের এক্সটেনশন, (২) সংস্কারের নামে ভণ্ডামি করছে, (৩) মুনাফেকের দল, (৪) ধর্মের নামে চেতনার ব্যবসা করছে, (৫) জামায়াতের মুখে এক অন্তরে আর এক, (৬) জামায়াতের রাষ্ট্রক্ষমতায় যাওয়ার প্রশ্নই আসে না। তাদের রাজনৈতিক দর্শন ও অতীত আচরণ বাংলাদেশের স্বাধীনতা, মানচিত্র ও জাতীয় চেতনার পরিপন্থী… ইত্যাদি।’

রাশেদ খান বলেন, ‘একটা দল সম্পর্কে এতকিছু বলার পরে আবার সেই দল থেকে আসন নিয়ে নির্বাচন করা, এটা একমাত্র গাঁজা সেবন করলেই সম্ভব। আমি এনসিপিকে বলব, দ্রুত তার ডোপ টেস্ট ও চিকিৎসা করুন। অন্যথায় তার শরীরে প্রতিদিন যে পরিমাণ নিকোটিন ঢুকছে, আর এর প্রতিক্রিয়ায় আবোলতাবোল বকছে… না জানি আবার জামায়াতে যোগদান করে এনসিপিকে নিয়ে বলা শুরু করে যে, এনসিপি জাতির সাথে গাদ্দারি করা শুরু করেছে।’

তিনি আরও বলেন, ‘জামায়াতে ইসলামী পারেও বটে! তাদের রাজনীতিকে নিয়ে একের পর এক প্রশ্ন তোলা নাসীরুদ্দীন পাটওয়ারীই আজকাল তাদের আইডল। কারণ সে এখন রূপ বদলে ফেলে জামায়াতপন্থী হয়েছে! পডকাস্টে বলেও বেড়াচ্ছে, সে নাকি শিবিরের সাথী ছিল! অথচ ক্যাম্পাসে দেখেছি, সে বাম করে! একজন লোক শিবির থেকে বাম হয় কীভাবে?’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.