Sylhet Today 24 PRINT

ফেসবুকে মিথ্যা তথ্য, মহিউদ্দিন আহমদের ওপর হামলা হয়নি

নিজস্ব প্রতিবেদক |  ০৭ জুন, ২০২৬

লেখক ও সাংবাদিক মহিউদ্দিন আহমদের ওপর হামলার তথ্য পুরোপুরি মিথ্যা বলে জানিয়েছেন তিনি।

রোববার (৭ জুন) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে হামলার তথ্য ছড়ায়।

এরপর তিনি সোয়া এগারোটার দিকে ফেসবুকে দেওয়া এক পোস্টে জানান, ‘কয়েকজন শুভাকাঙ্ক্ষী ফোন করে জানালেন, ফেসবুকে কে একটা পোস্ট দিয়ে জানিয়েছে, আমার ওপর নাকি বিএনপির লোকেরা হামলা চালিয়েছে। এক শুভাকাঙ্ক্ষী এটা আমাকে পাঠালেন। সেটি পড়লাম। সেই পোস্টদাতা আমার বন্ধুতালিকায় নেই। সম্ভবত ছিল। ইরিটেটিং কথাবার্তার কারণে হয়তো ব্লক বা আনফ্রেন্ড করে দিয়েছিলাম। আজ সকালেও হাঁটতে গেছি রবীন্দ্র সরোবরে। ল্যাবরেটরি হাইস্কুলের ছোট ভাইদের সঙ্গে আড্ডাও দিয়েছি। বাসায় ফিরে শুনি এই কাণ্ড।’

তিনি আরও লিখেন, ‘সে যা লিখেছে, তা পুরোপুরি মিথ্যা। কমেন্ট বক্সে গিয়ে মন্তব্যগুলো দেখলাম। বুঝতে পারি, আমার লেখাজোখা আর কথাবার্তা হজম করতে না পেরে অনেকেই পাগলা কুকুরের মতো খেপে গেছে। এসব পড়লেই বুঝতে পারবেন এরা কোন সম্প্রদায়ের কীট। বিশেষ করে গত শুক্রবার প্রথম আলোয় প্রকাশিত আমার কলামটি অনেকের বদহজমের কারণ হয়েছে। এদের মন্তব্য, শব্দচয়ন আর ভাষার ব্যবহার দেখলেই বুঝবেন, এদের ন্যূনতম রুচি আর পারিবারিক শিক্ষা নেই।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.