নিজস্ব প্রতিবেদক | ২৯ জুলাই, ২০২৬
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি এবং দলটির নেতাদের সাম্প্রতিক বক্তব্য ও কৌশল নিয়ে কড়া সমালোচনা করেছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মুহাম্মদ রাশেদ খাঁন। এনসিপি নেতারা ইচ্ছাকৃতভাবে পরিবেশ ঘোলাটে করে এবং স্থানীয় জনপ্রতিনিধিদের গালিগালাজ করে ‘ভিকটিম কার্ড’ খেলার চেষ্টা করছেন বলে অভিযোগ তুলেছেন তিনি।
আজ বুধবার (২৯ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে এই ক্ষোভ ও প্রতিক্রিয়া প্রকাশ করেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী।
ফেসবুক পোস্টে রাশেদ খাঁন লেখেন, এনসিপির নেতারা যে এলাকায় জুলাই পদযাত্রা করতে যাচ্ছে, ওই এলাকার বিএনপির এমপি ও নেতাদের গালিগালাজ করছে। তাদের মুখে আওয়ামী লীগের বিচারের দাবি শোনা যাচ্ছে না বরং কোথাও কোথাও তাদের প্রোগ্রামে ‘জয় বাংলা’ স্লোগান উচ্চারিত হচ্ছে!
এনসিপির রাজনৈতিক অবস্থান ও কৌশল নিয়ে প্রশ্ন তুলে তিনি লেখেন, এনসিপির নেতাদের বক্তব্য শুনে মনে হচ্ছে তারা ইচ্ছাকৃতভাবে ভিকটিম কার্ড খেলার জন্য ময়দান তৈরি করছে। আপনি স্থানীয় জনপ্রতিনিধিকে খামাখা গালিগালাজ করবেন, আবার বলবেন শব্দের (গালির) বিপরীতে শব্দের রাজনীতি করুন!
স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের ক্ষোভের প্রসঙ্গ টেনে তিনি বলেন, গালিগালাজ করার পর ওই এলাকার কতজনের বিক্ষুব্ধতাকে প্রশমিত করা সম্ভব? প্রবাদের উল্লেখ করে তিনি লেখেন, প্রবাদ আছে— ‘মুখের কারণে দুধভাত আর মুখের কারণে ঝাঁটা বাড়ুন!’
জুলাই আন্দোলনের প্রেক্ষাপট টেনে রাশেদ খাঁন সতর্ক করে দিয়ে বলেন, যেখানে শেখ হাসিনার এক শব্দের কারণে প্রতিরোধের মুখোমুখি হয়ে পতন হয়েছে, সেখানে আপনারা শব্দের রাজনীতি করতে চান?
পোস্টের শেষে তিনি আরও উল্লেখ করেন, ভাগ্য ভাল যে, এখনো সবাই ধৈর্য ধারণ করে আছে। প্রবাদ আছে, মুখের কারণে দুধভাত আর মুখের কারণে ঝাঁটা বাড়ুন! স্থানীয় প্রতিনিধিদের গালিগালাজের পরেও যে অত্র এলাকার মানুষ ঝাঁটা বাড়ুন দিয়ে ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তো আপনাদের সৌভাগ্যের বিষয়!
উল্লেখ্য, ২৮ জুলাই হবিগঞ্জে জুলাই পদযাত্রায় এনসিপি নেতাদের মুখে স্থানীয় সংসদ সদস্য জি কে গৌছ ও প্রধানমন্ত্রী তারেক রহমানের বিরুদ্ধে বিরূপ মন্তব্য করা হয়। এরপর তাদের কর্মসূচি শেষের পর গাড়িবহরে হামলা চালানো হয়। হামলায় সারজিস আলমসহ এনসিপির কয়েকজন আহত হন। এনসিপি এই হামলার জন্যে স্থানীয় ছাত্রদল ও যুবদলকে দায়ী করেছে।