Sylhet Today 24 PRINT

‘যা তথ্য আছে সব ফাঁস করে দাও’: নাসীরুদ্দীন পাটওয়ারীকে ফোনে চ্যালেঞ্জ রাশেদ খানের

নিজস্ব প্রতিবেদক |  ৩১ জুলাই, ২০২৬

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নাসীরুদ্দীন পাটোয়ারীর বিরুদ্ধে গোপন সমঝোতার চেষ্টা, হুমকি এবং অসত্য তথ্য ছড়ানোর বিস্ফোরক অভিযোগ এনেছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মুহাম্মদ রাশেদ খান। একই সাথে তাঁর বিরুদ্ধে থাকা সমস্ত তথ্য জনসম্মুখে ফাঁস করে দেওয়ার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে মুহাম্মদ রাশেদ খান নাসীরুদ্দীন পাটোয়ারীর সঙ্গে হওয়া দুইটি ফোনালাপের বিস্তারিত তথ্য প্রকাশ করেন।

রাশেদ খানের বিবরণ অনুযায়ী, গতকাল বিকেলে নাসীরুদ্দীন পাটোয়ারী হঠাৎ তাঁকে ফোন করে একটি পারস্পরিক সমঝোতার প্রস্তাব দেন। পাটোয়ারী বলেন, রাশেদ খান যেন তাঁর বিরুদ্ধে আর কোনো বক্তব্য না দেন, তবে তিনিও রাশেদ খানের বিরুদ্ধে কথা বলা বন্ধ রাখবেন। জবাবে রাশেদ খান জানান, মাননীয় প্রধানমন্ত্রী, তাঁর সহধর্মিণী, কন্যা ও মন্ত্রীদের নিয়ে আপত্তিকর ও বাজে মন্তব্য করা বন্ধ করলে তিনি বিষয়টি ভেবে দেখবেন। জবাবে পাটোয়ারী জানান, তিনি ইতোমধ্যে মিডিয়ায় এ বিষয়ে কথা বলেছেন এবং ভবিষ্যতে আর এমন আচরণ করবেন না।

তবে প্রথম ফোনালাপের কয়েক ঘণ্টা পর, রাতের বেলা পুনরায় ফোন করে পাটোয়ারী তাঁর সুর বদলে ফেলেন বলে জানান রাশেদ খান। তিনি লেখেন, রাতে ফোন করে পাটোয়ারী হুমকি দিয়ে বলেন—নাহিদ ও আসিফের কাছ থেকে রাশেদ খান পাঁচ লাখ টাকা করে নিয়ে যেতেন এবং ফ্ল্যাট কিনেছেন; এসব তথ্য তিনি ফাঁস করে দেবেন। এমনকি এসব বিতর্ক থেকে বাঁচতেই রাশেদ খান বিএনপিতে যোগ দিয়েছেন বলেও দাবি করেন পাটোয়ারী।

পাটোয়ারীর এই হুমকির জবাবে রাশেদ খান সরাসরি চ্যালেঞ্জ জানিয়ে বলেন, "আমার কোনো ফ্ল্যাট নেই, আর কোনোদিন নাহিদ-আসিফ থেকে এক টাকাও নিইনি! তোমার কাছে আমার সম্পর্কে যা তথ্য আছে, সব ফাঁস করে দাও।"

স্ট্যাটাসের শেষ অংশে আক্ষেপ প্রকাশ করে রাশেদ খান লেখেন, গতকাল ফোন পাওয়ার পর তিনি ভেবেছিলেন তরুণ এই রাজনৈতিক কর্মী হয়তো নিজের ভুল বুঝতে পেরেছেন এবং তাঁকে শুধরে যাওয়ার সুযোগ দেওয়া উচিত। কিন্তু পরদিনই দেখা গেল, তিনি দেওয়া কথা ভুলে গিয়ে আবারও আবোলতাবোল ও অপপ্রচারমূলক বক্তব্য দেওয়া শুরু করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.