Sylhet Today 24 PRINT

নেতাকর্মীদের ‘খাই খাই’ বন্ধের আহ্বান জানালেন বিএনপি-দলীয় এমপি জামাল

সিলেটটুডে ডেস্ক |  ০৭ আগস্ট, ২০২৬

কেন্দ্রীয় বিএনপির ধর্মবিষয়ক সম্পাদক ও ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য (এমপি) রফিকুল ইসলাম জামাল বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের উদ্দেশে ‘খাই খাই’ মানসিকতা বন্ধের আহ্বান জানিয়ে একটি ফেসবুক পোস্ট করেছেন।

বৃহস্পতিবার (৬ আগস্ট) রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে অর্থ লেনদেন, পদলোভ এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের সহায়তা করার অভিযোগ তোলেন।

ওই ফেসবুক পোস্টে রফিকুল ইসলাম জামাল লেখেন, গত ছয় মাসে ঝালকাঠির বিএনপি ও অঙ্গসংগঠনের কিছু নেতাকর্মী আওয়ামী লীগের নেতাকর্মীদের পাহারা দেওয়া, তাদের পক্ষে ওকালতি করা, বাড়িঘর ও ঠিকাদারি কাজ পাহারা দেওয়ার বিনিময়ে সুবিধা নিয়েছেন। এমনকি টাকার বিনিময়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিএনপিতে যোগদান করানোর অভিযোগও করেন তিনি।

তিনি আরও লেখেন, ঝালকাঠির বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীদের খাই খাই বন্ধ করার জন্য অনুরোধ করছি। ছয় মাসে অনেক খেয়েছেন। আওয়ামী লীগের নেতাকর্মীদের পাহারার বিনিময়ে খেয়েছেন, আওয়ামীদের পক্ষে ওকালতি করে খেয়েছেন, আওয়ামীদের বাড়িঘর পাহারা দিয়ে খেয়েছেন, ঠিকাদারি পাহারা দিয়ে খেয়েছেন। শেষ পর্যন্ত টাকার বিনিময়ে আওয়ামীদের দলে যোগদান করিয়েও খাচ্ছেন। মনে হয় দলটা খেয়ে ফেলবেন।

পোস্টে তিনি লেখেন, লজ্জা থাকা উচিত। যাদের রক্তের বিনিময়ে আপনাদের এত খাওয়ার সুযোগ হয়েছে, সেই ৩৬ জুলাই শহীদদের জন্য ৫ আগস্ট একটু দোয়া-মোনাজাতও করতে পারেননি। শুধু নেতা হতে পদ চাই। খুব দ্রুতই দল থেকে ঝরে পড়বেন।

সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল ফেসবুক পোস্টের বিষয়টি নিজেই নিশ্চিত করেন। তিনি বলেন, স্ট্যাটাসটি আমিই আমার ভেরিফায়েড ফেসবুক আইডিতে পোস্ট করেছি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.