Sylhet Today 24 PRINT

‘মন্ত্রীর নয়, ওসি নিজের জুতা বহন করছিলেন’: পুলিশের ব্যাখ্যা

সিলেটটুডে ডেস্ক |  ১৩ আগস্ট, ২০২৬

ছবি: সংগৃহীত

কক্সবাজারে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের জুতা বহন করছেন পুলিশ কর্মকর্তা— সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো এমন ছবি, ভিডিও ও দাবিকে অসত্য, অবান্তর ও নিছক কল্পনাপ্রসূত বলে অভিহিত করেছে বাংলাদেশ পুলিশ।

রাষ্ট্রীয় সংস্থাটি জানিয়েছে, সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা (ওসি) মূলত নিজের জুতা বহন করছিলেন, মন্ত্রীর নয়।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে বাংলাদেশ পুলিশের অফিসিয়াল ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক ব্যাখ্যায় এই তথ্য জানানো হয়।

পুলিশের পক্ষ থেকে দেওয়া ওই ব্যাখ্যায় বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে ‘মন্ত্রীর জুতা টানছে পুলিশ’ শিরোনামে যে বিভ্রান্তিকর প্রচারণা চালানো হচ্ছে, তা অসত্য, অবান্তর ও নিছক কল্পনাপ্রসূত। উল্লেখ্য, গত ৭ আগস্ট ২০২৬, শুক্রবার, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী কক্সবাজার সদর থানাধীন বাহারছড়া জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন।

ব্যাখ্যায় আরও বলা হয়, একই মসজিদে কক্সবাজার সদর থানার অফিসার ইনচার্জ (ওসি)ও জুমার নামাজ আদায় করেন। মসজিদে প্রবেশের সময় ওসি তাঁর নিজের জুতা খুলে প্রবেশ করেন এবং নামাজ শেষে নিজের জুতা হাতে নিয়ে মসজিদ থেকে বের হন। মসজিদের প্রবেশপথে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর জুতা রাখা ছিল।

বাংলাদেশ পুলিশ দাবি করে, ওসি কর্তৃক মন্ত্রী মহোদয়ের জুতা বা স্যান্ডেল বহন করার প্রচারণাটি উদ্দেশ্যপ্রণোদিত বলে প্রতীয়মান হয়।

পুলিশ বাহিনীকে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যেই এমন অপপ্রচার চালানো হচ্ছে উল্লেখ করে এটিকে ‘অত্যন্ত দুঃখজনক ও অনভিপ্রেত’ বলে অভিহিত করা হয়েছে।

একই সঙ্গে, এই ধরনের ভিত্তিহীন ও অপপ্রচারমূলক সংবাদ ছড়ানো থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানিয়েছে পুলিশ প্রশাসন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.