Sylhet Today 24 PRINT

স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার নেপথ্যে এমপি মিষ্টি, মানুষ যাবে কোথায়— প্রশ্ন

সিলেটটুডে ডেস্ক |  ২৮ সেপ্টেম্বর, ২০২৬

নিম্ববিত্ত মানুষের টিকাগ্রহণসহ বিভিন্ন ধরনের স্বাস্থ্যসেবার অন্যতম ভরসার স্থান ছিল রাজধানীর মিরপুরে অবস্থিত রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার। গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) মধ্যরাতে হঠাৎ হামলা চালিয়ে লুটপাটের পর ভারী যন্ত্রপাতি দিয়ে প্রতিষ্ঠানটি গুঁড়িয়ে দিয়ে সব মালামাল লুট করে দখলে নিয়েছে সমমনা দোকানদার সমবায় সমিতি লিমিটেড নামে একটি প্লাটফর্ম। এ প্লাটফর্মের নেতৃত্বে রয়েছেন বিএনপির সংরক্ষিত নারী আসনের এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি এবং তার ইন্ধনে এ তাণ্ডব চালানো হয় বলে অভিযোগ উঠেছে।

এ অভিযোগের প্রেক্ষিতে এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি এবং সরকার দলীয় নেতাকর্মীদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে প্রতিক্রিয়া জানিয়েছেন আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের খান।

তার প্রশ্ন, “জনপ্রতিনিধি হিসেবে যাঁরা সংসদে বসেছেন, তাঁরাই যদি দরিদ্র মা ও শিশুর চিকিৎসাকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ইন্ধনদাতা হন, তবে সাধারণ মানুষ নিরাপত্তার জন্য কার দ্বারস্থ হবে?”

গতকাল রোববার (২৭ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজ অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এসব মন্তব্য করেন।

সিলেটটুডে২৪-এর পাঠকদের জন্য জুলকারনাইন সায়ের খানের ফেসবুক পোস্টটি হুবহু তুলে ধরা হলো:

“শুধু জমি দখলের লালসায় রাতের আঁধারে গুঁড়িয়ে দেওয়া হলো সুবিধাবঞ্চিত মা ও শিশুদের শেষ ভরসার স্থল। গতকাল মধ্যরাতে রাজধানীর মিরপুর ১ এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে প্রায় ২০০ জনের একটি দল নিরাপত্তাকর্মীদের বেঁধে রেখে নির্বিচারে তাণ্ডব চালায়। এই প্রতিষ্ঠান বছরের পর বছর দরিদ্র মা ও শিশুদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা দিয়ে আসছে। আর এই বর্বরতার নেপথ্য ইন্ধনদাতা সংরক্ষিত নারী আসনের সরকারদলীয় সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির একাধিক প্রভাবশালী নেতা।

ভারী যন্ত্রপাতি দিয়ে স্বাস্থ্যকেন্দ্রটিকে কার্যত মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে। লুট হয়েছে মূল্যবান চিকিৎসা সরঞ্জাম, জেনারেটর, এসি, ফ্রিজ, জীবনরক্ষাকারী ওষুধ ও ভ্যাকসিন। এখানেই শেষ নয়। শিশুদের টিকাদানের রেকর্ড রাখার ট্যাব, রেজিস্টার খাতা, এমনকি পরিবার পরিকল্পনা সামগ্রী পর্যন্ত রেহাই পায়নি দুর্বৃত্তদের হাত থেকে।

এই দখলবাজি কেবল মিরপুরেই সীমাবদ্ধ নয়। পল্লবীসহ ঢাকা উত্তরের আরও একাধিক এলাকায় একই কায়দায় জমি দখল করা হয়েছে। প্রতিটির নেপথ্যে রয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির কিছু প্রভাবশালী নেতা। এগুলো কোন বিচ্ছিন্ন ঘটনা নয় বরং ক্ষমতার ছত্রছায়ায় গড়ে ওঠা এক সংগঠিত দখল-সংস্কৃতিরই নগ্ন বহিঃপ্রকাশ।

প্রশ্ন হলো, জনপ্রতিনিধি হিসেবে যাঁরা সংসদে বসেছেন, তাঁরাই যদি দরিদ্র মা ও শিশুর চিকিৎসাকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ইন্ধনদাতা হন, তবে সাধারণ মানুষ নিরাপত্তার জন্য কার দ্বারস্থ হবে?

সংশ্লিষ্ট সংসদ সদস্য ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে অবিলম্বে দৃষ্টান্তমূলক আইনি ব্যবস্থা নিতে হবে। তা না হলে সেই ব্যর্থতা হবে চরম নিন্দনীয়। দলীয় পরিচয় যেন কোনোভাবেই অপরাধের ঢাল হয়ে না দাঁড়ায়।

সরকারদলীয় আর কারা এসব দখলবাজির সঙ্গে জড়িত, সেই তালিকা যে যথাযথ কর্তৃপক্ষের হাতে রয়েছে, তা কারও অজানা নয়। সব জেনেবুঝেও যদি চোখ বন্ধ করে রাখা হয়, তবে সেই নীরবতা হবে সরকারের জন্যই আত্মঘাতী।”

এর আগে, গত বৃহস্পতিবার মধ্যরাতে ২০০ থেকে ২৫০ ব্যক্তি দেশীয় অস্ত্রশস্ত্র রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে ঢুকে প্রথমে দুই নিরাপত্তাকর্মীকে জিম্মি করে বেঁধে ফেলে। এরপর মূল্যবান যন্ত্রপাতি, ওষুধ, ভ্যাকসিন, নগদ টাকা ও অন্যান্য মালপত্র লুট করে নিয়ে যায়। পরে ভারী যন্ত্রপাতি দিয়ে একটি পাকা ও তিনটি আধা পাকা ভবনসহ পুরো স্থাপনা গুঁড়িয়ে দেয়।

‘সমমনা দোকানদার সমবায় সমিতি লিমিটেড’ নামে একটি প্রতিষ্ঠানের ব্যানারে রাতভর তাণ্ডব চালানো হয়েছে। এতে এক কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন প্রতিষ্ঠানটির পরিচালক ডা. নাসরিন আখতার। এ ঘটনায় বাদী হয়ে শাহ আলী থানায় একটি মামলাও দায়ের করেছেন তিনি। মামলার এজাহারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ঢাকা মহানগর উত্তর শাখার সাবেক সদস্য হানিফ মিয়ার নাম উল্লেখ করে আরও অজ্ঞাতনামা ২০০-২৫০ জনকে আসামি করা হয়।

স্থানীয়রা জানান, স্থানীয় তিনটি গ্রুপ দীর্ঘদিন ধরে জায়গাটি দখল করার চেষ্টা করে আসছিল। একটি পক্ষ ১০ কাঠা জমি তাদের পারিবারিক সম্পত্তি বলে দাবি করছে। ওই পরিবারের সঙ্গে আওয়ামী লীগের সংশ্লিষ্টতা আছে। ২০২৪ সালের রাজনৈতিক পট পরিবর্তনের পর তারা এখন এলাকাছাড়া। এরপর স্থানীয় বিএনপির দুটি গ্রুপ জায়গাটি দখলে নেওয়ার চেষ্টা করছিল। এ বিষয়ে আদালতে এ পক্ষগুলোর পাল্টাপাল্টি মামলা ও রিট রয়েছে।

অবশেষে, গত বৃহস্পতিবার রাতে সমমনা দোকানদার সমবায় সমিতি লিমিটেড নামে একটি পক্ষ তা দখল করে নেয়। স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, সংরক্ষিত নারী আসনে বিএনপির সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি এ পক্ষের নেতৃত্বে রয়েছেন। তিনি ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক। প্রয়াত এক কাউন্সিলরের স্ত্রী এবং বিএনপির প্রয়াত নেতা ও সাবেক এমপি নাসিরউদ্দিন আহমেদ পিন্টুর বোন।

স্বাস্থ্যসেবা কেন্দ্রের কর্মকর্তাদের অভিযোগ, হামলা ও ভাঙচুরের সময় পুলিশকে খবর দিয়েছিলেন তারা। পুলিশ ঘটনাস্থলে গেলেও স্থাপনাটি রক্ষা করতে পারেনি। পুরো ভবনটি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.