সোশ্যাল মিডিয়া ডেস্ক | ১০ এপ্রিল, ২০১৬
বাংলাদেশ আওয়ামী ওলামা লীগের দেশের সংস্কৃতি, স্বকীয়তা ও বাঙালিয়ানার প্রতি একের পর এক হুমকির প্রেক্ষিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আওয়ামী লীগ সমর্থক বলে পরিচিত এক খোলাচিঠি লিখেছেন দেলোয়ার হোসেন। চিঠিতে তিনি প্রশ্ন তুলে লিখেছেন, ওলামা লীগ কোন যুক্তিতে অনুমোদিত প্রতিষ্ঠান?
বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদককে উদ্দেশ করে লিখিত এ চিঠিতে তিনি উল্লেখ করেছেন সাম্প্রতিক সময়ে ওলামা লীগের পহেলা বৈশাখের অনুষ্ঠান বন্ধের দাবি জানানোতে খোদ আওয়ামী লীগের কর্মীদের মাঝেও অসন্তুষ্টি দেখা দিয়েছে।
কুয়েত প্রবাসী দেলোয়ার হোসেন (বাদল শিকদার)-এর খোলাচিঠির বিস্তারিত-
বরাবর,
সাংগঠনিক সম্পাদক সাহেব
বাংলাদেশ আওয়ামী লীগ
কেন্দ্রীয় কমিটি
বিষয়:- বাংলাদেশ ওলামা লীগ।
জনাব,
সবিনয় নিবেদন এই যে, আওয়ামী লীগের অঙ্গ সংগঠন হিসাবে ওলামা লীগ নামে একটি সংগঠন আত্মপ্রকাশ করেছে। এটা কি কেন্দ্রীয়ভাবে কোন অনুমোদিত সংগঠন? যদি অনুমোদিত হয়, কোন যুক্তিতে তা অনুমোদিত তা জানাতে একটি প্রেস ব্রিফিং দিয়ে বাধিত করিবেন।আর যদি অনুমোদনহীনভাবে তারা সংগঠনটি পরিচালনা করে থাকে, তবে তাদের বিরুদ্ধে কেন শৃঙ্খলা ভঙ্গের দায়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে না।
কারণ, ওলামা লীগ গঠনের পর থেকেই আওয়ামী লীগের গঠন প্রণালী এবং সংবিধান বিরোধী একের পর এক মন্তব্য করেই যাচ্ছে। যা আওয়ামী লীগের কর্মীদের মাঝে অসন্তুষ্টি দেখা দিচ্ছে। প্রমাণ হিসেবে বিভিন্ন পত্র পত্রিকা অবলোকন করার জন্য অনুরোধ রইল।সর্বশেষ পহেলা বৈশাখ নিয়ে তাদের বক্তব্য জনমনে ক্ষোভ সৃষ্টি করেছে যা শেখ হাসিনার সরকারকে প্রশ্নবিদ্ধ করছে।
আপনার নিকট আবেদন, অতি দ্রুত ওলামা লীগ সম্পর্কে জনগণকে অবহিত করা।